যুক্তরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার পরিবেশ উন্নত করতে মোবাইল ফোনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার। নতুন সরকারি নির্দেশিকা অনুযায়ী, স্কুলের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কোনোভাবেই মোবাইল ফোন হাতের নাগালে রাখতে পারবে না। এমনকি ফোনটি যদি সাইলেন্ট মোডে ব্যাগের ভেতর বা পকেটে থাকে, তবুও তা গ্রহণযোগ্য হবে না। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এই কঠোর নীতি কার্যকর হওয়ার কথা রয়েছে।
যুক্তরাজ্যের শিক্ষাসচিব লুসি পাওয়েল এই সিদ্ধান্তের কথা জানিয়ে স্পষ্ট করেছেন যে, স্কুল হলো পড়াশোনা এবং সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার স্থান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটানোর জায়গা নয়। সরকারের মতে, মোবাইলের সহজলভ্যতা শিশুদের শিক্ষার প্রতি মনোযোগ কমিয়ে দেয় এবং সহপাঠীদের সঙ্গে তাদের দূরত্ব তৈরি করে। তবে এই নির্দেশিকাটি স্কুলগুলো কীভাবে বাস্তবায়ন করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠান প্রধানদের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।
বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই কিছু স্কুল ডিজিটাল লকার এবং বিশেষ ধরনের সিল করা পাউচ বা থলেতে বিনিয়োগ শুরু করেছে। ম্যানচেস্টারের ‘বার্নেজ একাডেমি ফর বয়েজ’-এর প্রধান শিক্ষক কার্ল হ্যারিসন জানান, তাদের প্রতিষ্ঠান মেটাল ডিটেক্টর এবং ফোন পাউচ সিস্টেম চালু করতে ২০ হাজার পাউন্ড ব্যয় করেছে। তার মতে, শুরুতে শিক্ষার্থীরা কিছুটা অস্বস্তি বোধ করলেও বর্তমানে তাদের পারস্পরিক সামাজিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এবং ক্লাসরুমে মনোযোগ বাড়ায় পরীক্ষার ফলাফলও উন্নত হচ্ছে।
তবে এই কঠোর পদক্ষেপ বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে বাজেট সংকট। ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হেড টিচার্স’-এর সাধারণ সম্পাদক পল হোয়াইটম্যান এবং ‘অ্যাসোসিয়েশন অফ স্কুল অ্যান্ড কলেজ লিডার্স’-এর সাধারণ সম্পাদক পেপে ডি’ইয়াসিও সতর্ক করেছেন যে, লকওয়ালা পাউচ বা নিরাপদ সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে বিপুল অর্থের প্রয়োজন। সরকারি অর্থায়ন ছাড়া অনেক স্কুলের পক্ষে এই নিয়ম কার্যকর করা অসম্ভব হয়ে পড়বে। এই বিষয়ে লুসি পাওয়েল জানান, প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব পদ্ধতি অনুযায়ী স্কুলকে মোবাইলমুক্ত রাখার স্বাধীনতা পাবে।
অন্যদিকে, ‘জেনারেশন ফোকাস’-এর সহ-প্রতিষ্ঠাতা শার্লট অ্যাশটন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমানের সাইলেন্ট মোডে ফোন রাখার নিয়ম কার্যকর হচ্ছে না, কারণ শিক্ষার্থীরা সুযোগ পেলেই টয়লেটে গিয়ে টিকটক ব্যবহার করে। বিরোধী কনজারভেটিভ পার্টির ছায়া শিক্ষা সচিব লরা ট্রটও এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন, তবে ক্লাসরুমে বিকল্প প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সমন্বিত পরিকল্পনার অভাব বলে সমালোচনা করেছেন তিনি।
যুক্তরাজ্যের ভিন্ন ভিন্ন অঞ্চলে এই বিষয়ে ভিন্ন ভিন্ন পরিস্থিতি বিরাজ করছে। স্কটল্যান্ড সরকার নতুন আইন প্রণয়নের ঘোষণা দিলেও ওয়েলসের পার্লামেন্ট জাতীয় বিধিবদ্ধ নিষেধাজ্ঞার প্রস্তাবটি বাতিল করেছে। উত্তর আয়ারল্যান্ডে এই বিষয়ে ১২ সপ্তাহের একটি জনমত জরিপ শুরু করেছেন শিক্ষামন্ত্রী পল গিভান। উল্লেখ্য, এই নিয়মটি আগামী মার্চ থেকে কার্যকর হতে যাওয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার আইনের চেয়ে সম্পূর্ণ আলাদা, যার আওতায় ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধ হবে।




