কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করা বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ওই কলেজের ২৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে।
ঘটনার পরপরই স্থানীয়রা খবর দিলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ৯ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ইমন হাসান (২৩), আরিফ হোসেন (২৩), সফিকুল ইসলাম (২৩), মালিহা আক্তার (২৩), জাওয়াত (২৩), ফেরদৌস (২৩), মিলি আক্তার (২৩), মিনহাজ উদ্দিন (২৩), মরুছালিন আক্তার (২৩), তাছলিমা আক্তার (২৩), হুমায়রা আক্তার (২৩), মিলা আক্তার (২৩), মিনা আক্তার (২৩), নিসা আক্তার (২৩), তানজিনা আক্তার (২৩), সাদিয়া আক্তার (২৩), তাসফিয়া আক্তার (২৩), আরিফুল ইসলাম (২৩), রাজিব মিয়া (২৩), জান্নাতুল মাওয়া (২৩), মারিয়াম (২৩), তানহা আক্তার (২৩), সাইদুর রহমান (২৩) ও নাজমুল হাসান (২৩)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী জাওয়াতের বাবা মোস্তাফিজুর রহমান জানান, তার ছেলে সহপাঠীদের সঙ্গে কক্সবাজারে শিক্ষাসফরে যাচ্ছিল। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হয় তারা।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।




