শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আনোয়ার ভূঁইয়া (৪২) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভূমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেকেন্দার ভূঁইয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানাখান জামে মসজিদের কবরস্থানের জমি নিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ওয়ার্ড সদস্য জাহেদুল ঢালী এবং একই ওয়ার্ডের সাবেক সদস্য রুবেল ঢালীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিয়ে আদালতেও একটি মামলা বিচারাধীন ছিল। ঘটনার দিন বিকেলে ওই জমি নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জাহেদুল ও তার সহযোগীরা রড দিয়ে রুবেলকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
রুবেলকে রক্ষা করতে এগিয়ে যান তার শ্যালক আনোয়ার। তখন হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু পথেই সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
এদিকে হামলায় আহত রুবেল ঢালীকেও নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাত আটটার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। আনোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত জাহেদুল ঢালীর বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে ততক্ষণে পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার পর থেকেই জাহেদুল ঢালী পলাতক রয়েছেন। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরাও কোনো মন্তব্য করতে রাজি হননি। ভূমখাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল ঢালী জানান, দুই পক্ষই তার আত্মীয়। কী থেকে কী হয়ে গেল, তিনি কিছুই বুঝতে পারছেন না বলে মন্তব্য করেন।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, যার বিরুদ্ধে হামলার অভিযোগ, তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। হামলার ঘটনায় যারা জড়িত, তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।




