বেসরকারি খাতের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) ১২তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) গত মঙ্গলবার ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সংঘবিধির ধারা ১০৮(১)-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশোধিত বিধিতে চেয়ারম্যান নির্বাচনের নতুন নিয়ম যুক্ত হয়েছে। এখন থেকে পরিচালকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে সবাই ব্যাংকটির চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে এ সভা পরিচালিত হয়। সেখানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক খায়রুল আলম চাকলাদার, মো. মঈনুদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, তানজিনা আলী, সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু ও মীর সাজেদ উল বাসার ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন।
এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, মো. জাকির আনামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারধারকেরা উপস্থিত ছিলেন। সংঘবিধির এই সংশোধনীর মাধ্যমে ব্যাংক পরিচালনায় জ্যেষ্ঠতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের একটি স্বচ্ছ কাঠামো তৈরি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




