পর্দার আইকনিক জলদস্যু জ্যাক স্প্যারো হিসেবে আবারও দর্শকদের সামনে হাজির হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন হলিউড তারকা জনি ডেপ। দীর্ঘদিনের নীরবতা ভেঙে অভিনেতা জানিয়েছেন, তিনি 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' সিরিজের একটি যথাযথ ও সুন্দর সমাপ্তি দেখতে চান এবং সেই লক্ষ্যে আবারও এই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হতে আগ্রহী।

সম্প্রতি নিজের আসন্ন চলচ্চিত্র ‘এবেনেজার’-এর প্রচারণার অংশ হিসেবে ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই ইচ্ছার কথা জানান ডেপ। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, প্রযোজক এবং তার ঘনিষ্ঠ বন্ধু জেরি ব্রুকহেইমারের যেকোনো প্রস্তাব তিনি সানন্দে গ্রহণ করবেন। জেরি ব্রুকহেইমারের প্রতি তার অগাধ বিশ্বাস রয়েছে এবং গল্পের প্রয়োজনে যেকোনো মুহূর্তে কাজ করতে তিনি রাজি।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত পঞ্চম কিস্তি ‘ডেড মেন টেল নো টেলস’-এর পর থেকে এই সিরিজের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছিল। বিশেষ করে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই এবং নির্যাতনের অভিযোগের কারণে একসময় হলিউডের অনেক নির্মাতা তাকে এড়িয়ে চলেন। এমনকি ওয়াল্ট ডিজনি পিকচার্স থেকেও তাকে বাদ দেওয়া হয়েছিল। তবে ২০২২ সালে মানহানির মামলায় জয়লাভ করার পর তার প্রত্যাবর্তনের গুঞ্জন শুরু হয়। যদিও একবার শোনা গিয়েছিল ডিজনি তাকে ৩০১ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে, তবে তার মুখপাত্র সেই খবরটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন।

প্রযোজক জেরি ব্রুকহেইমার আগে নিশ্চিত করেছিলেন যে, জনি ডেপের সাথে নতুন সিনেমা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে জেফ নাথানসনের লেখা চিত্রনাট্যের কাজ চলছে। ব্রুকহেইমারের মতে, গল্পের শেষ অংশটি অত্যন্ত চমৎকার হয়েছে এবং বর্তমানে প্রথম ও দ্বিতীয় খণ্ডটি পরিমার্জন করা হচ্ছে। চিত্রনাট্য পছন্দ হলে ডেপের ফেরার সম্ভাবনা আরও প্রবল হবে।

২০০৩ সালে ‘দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমার মাধ্যমে জ্যাক স্প্যারো চরিত্রে ডেপ প্রথমবার পরিচিতি পান। এরপর ২০০৬ সালে ‘ডেড ম্যান’স চেস্ট’, ২০০৭ সালে ‘অ্যাট ওয়ার্ল্ডস এন্ড’ এবং পরবর্তীতে ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ মুক্তি পায়। সবশেষে ২০১৭ সালে পঞ্চম পর্বের মাধ্যমে এই যাত্রাটি থমকে গিয়েছিল। এখন ষষ্ঠ কিস্তির মাধ্যমে সেই যাত্রা পুনরায় শুরু হতে পারে বলে আশা করছেন ভক্তরা।

এদিকে, জলদস্যুর চরিত্রের পাশাপাশি জনি ডেপ বর্তমানে অন্যান্য প্রজেক্টেও ব্যস্ত। চলতি মাসেই প্যারামাউন্টের ‘এবেনেজার’ সিনেমাটি দিয়ে মূল চরিত্রে ফিরছেন তিনি। এছাড়া লায়ন্সগেটের আসন্ন থ্রিলার চলচ্চিত্র ‘ডে ড্রিংকার’-এর প্রধান চরিত্রেও তাকে দেখা যাবে। তবে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা শেষ করতে তিনি আবারও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হয়ে ফিরবেন কি না, এখন সেটিই দেখার বিষয়।