এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে 'শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬' আয়োজন করা হচ্ছে। 'স্বপ্ন দেখো জীবন গড়ো' স্লোগানের অধীনে পরিচালিত এই কর্মসূচির পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম 'শিখো'। এই বিশেষ আয়োজনের সহযোগী হিসেবে যুক্ত হয়েছে সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেড, যারা দেশের ৬৪টি জেলার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আইসক্রিম সরবরাহ করবে।
এই সহযোগিতার লক্ষ্যে রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারস্থ প্রথম আলো কার্যালয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেডের সেলস ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক মো. রকিবুল মতিন এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেডের অ্যাকাউন্টস বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ নিজাম উদ্দিন মাহাদী হাসান, মার্কেটিং বিভাগের ব্র্যান্ড নির্বাহী মারুফ হোসাইন, ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভেশন বিভাগের নির্বাহী মো. সজীব আহমেদ ও সহযোগী নির্বাহী সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া প্রথম আলোর পক্ষ থেকে মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক মো. শাহাদাত ফয়েজ এবং ইভেন্ট বিভাগের সহকারী ব্যবস্থাপক আল মামুন উপস্থিত ছিলেন।
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য দেশের ৬৪টি জেলায় এই সংবর্ধনা কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রক্রিয়ায় নিবন্ধন করলে বিশেষ উপহার পাওয়ার সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা সংবর্ধনার জন্য www.gpa5reception.com ওয়েবসাইটে ভিজিট করে নিবন্ধন করতে পারবেন।




