যুক্তরাষ্ট্রে দক্ষ শ্রমিকের ঘাটতি দিন দিন প্রকট হয়ে উঠছে। আগামী ২০৩০ সালের মধ্যে দেশজুড়ে আনুমানিক ২১ লাখ দক্ষ ট্রেডের পদ খালি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অ্যালায়েন্স ফর আমেরিকা’স স্কিলড ট্রেডস। চলতি বছরের গ্রীষ্মে ব্ল্যাকরক, কারহার্ট, ফোর্ড মোটর কোম্পানি এবং গুগল মিলে এই জোট গঠন করেছে। জিএমের প্রধান নির্বাহী ম্যারি বাররা মনে করেন, এই সংকট মোকাবিলায় তরুণদের মানসিকতা বদলাতে হবে। সম্প্রতি ফরচুনের পডকাস্টে তিনি বলেন, স্কুলপড়ুয়াদের বোঝানো দরকার যে দক্ষ ট্রেড একটি অসাধারণ ক্যারিয়ার হতে পারে এবং এটি অন্যদের তুলনায় এআই-এর প্রভাব থেকে কিছুটা সুরক্ষিত। একজন টেকনিশিয়ান বছরে ৮০ থেকে ৯০ হাজার ডলার আয় করতে পারেন; কাজের সময়ের ওপর নির্ভর করে আরও বেশি সম্ভব।

বাররার নিজের ক্যারিয়ার শুরু হয়েছিল অ্যাসেম্বলি লাইনে, বাবার পদাঙ্ক অনুসরণ করে। তার বাবা জিএম-এ ৩৯ বছর ডাই মেকার হিসেবে কাজ করেছেন। মহামন্দার সময়ে বেড়ে ওঠা বাবা-মায়ের কাছ থেকে তিনি পরিশ্রমের মূল্য শিখেছেন। জেনারেল মোটরস ইনস্টিটিউটে পড়ার সময় তিনি পন্টিয়াক মোটর ডিভিশনে মান নিয়ন্ত্রক হিসেবে কো-অপ শিক্ষানবিশ ছিলেন। ১৯৮৫ সালে প্রথম পূর্ণকালীন চাকরি করেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। এরপর ধাপে ধাপে তিনি ২০০৩ সালে ডেট্রয়েট হ্যামট্রামক প্ল্যান্টের ম্যানেজার, অবশেষে ২০১৪ সালে জিএমের সিইও হন।

বাররা বলেছেন, যুক্তরাষ্ট্রে একটি বড় সামাজিক সমস্যা হলো দক্ষ ট্রেডকে সাদা-কলার পেশার চেয়ে কম আকর্ষণীয় মনে করা হয়। ইউরোপে এই পেশাগুলোর প্রতি অনেক বেশি সম্মান দেখা যায়। তিনি উল্লেখ করেন, ডেটা সেন্টার এবং এআই সম্প্রসারণের কারণে ইলেকট্রিশিয়ানের চাহিদা দ্রুত বাড়ছে। আগামী দশ বছরে দেশে প্রায় ৩ লাখ নতুন ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হতে পারে।

এই ঘাটতি মেটাতে জিএম প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। অর্থটি কমিউনিটি-ভিত্তিক প্রশিক্ষণ সম্প্রসারণ, উৎপাদন সুবিধা, প্রযুক্তি কেন্দ্র এবং ডিলারশিপ সার্ভিস বে আধুনিকীকরণে ব্যবহার হচ্ছে। গত এপ্রিলে জিএম তাদের মার্কিন উৎপাদন বিভাগে প্রায় ৯০ জন নতুন শিক্ষানবিশ নিয়োগ দিয়েছে।

শুধু জিএম নয়, ব্যবসায়িক জগতের শীর্ষ নেতারাও দক্ষ শ্রমিক সংকট নিয়ে সতর্ক করেছেন। জেপি মরগান চেজের সিইও জেমি ডাইমন বলেছেন, এই ঘাটতি মার্কিন বিনিয়োগের বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে প্রতিরক্ষা শিল্প সম্প্রসারণের সময়। তিনি উল্লেখ করেন, আগামী ৫-১০ বছরে জাহাজ নির্মাণের জন্য ৩ লাখ ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার প্রভৃতি প্রয়োজন। এক-দুই বছরের প্রশিক্ষণের পর এসব কাজে বছরে ৮০ হাজার থেকে ১ লাখ ডলার আয় সম্ভব। ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্কও প্রশ্ন তুলেছেন, তরুণরা কি এখনও ঐতিহ্যবাহী কলেজ-সাদা কলার পথে নির্ভর করতে পারবে? এআই অনেক সাদা-কলার কাজকে বদলে দেবে, কিন্তু দক্ষ হাতের কাজের চাহিদা আরও বাড়বে। তিনি মনে করেন, এই পরিবর্তনের গতির সঙ্গে সমাজ খাপ খাইয়ে নিতে পারছে না।