বর্তমান সময়ে ছোটদের মুখে এমন কিছু শব্দের ব্যবহার শোনা যাচ্ছে, যা বুঝতে বয়সে বড়দের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। মূলত ২০১০ সাল থেকে ২০ দশকের মাঝামাঝি সময়ে জন্ম নেওয়াদের 'জেন আলফা' বা আলফা প্রজন্ম হিসেবে অভিহিত করা হয়। স্মার্টফোন এবং ইন্টারনেটের সাথে বেড়ে ওঠা এই প্রজন্মের কথা বলার ধরনে এসেছে আমূল পরিবর্তন। তাদের ব্যবহৃত শব্দগুলোর প্রধান উৎস হলো ইউটিউব শর্টস, টিকটক এবং বিভিন্ন গেমিং স্ট্রিমারদের লাইভ সেশন, যা দ্রুত ছড়িয়ে পড়ছে স্কুল ও বন্ধুদের আড্ডায়।

এই প্রজন্মের ব্যবহৃত কিছু জনপ্রিয় শব্দের গভীরে তাকালে দেখা যায় ভিন্ন এক অর্থ। যেমন, 'স্কুবা' শব্দটির সাথে ডুবুরি বা অক্সিজেনের কোনো সম্পর্ক নেই। আলফা প্রজন্মের ভাষায় কেউ যখন মিথ্যা কথা বলে বা কোনো কিছু থেকে গন্ধ আসে, তখন তারা 'স্কুবা' শব্দটি ব্যবহার করে। এর সাথে যুক্ত আছে একটি বিশেষ অঙ্গভঙ্গি, যাকে বলা হয় 'স্কুবা ড্যান্স'। নাক চেপে ধরে হাতের তালু ঢেউয়ের মতো নাড়ানো এই ভঙ্গিটি তারা মজা করতে বা আনন্দ প্রকাশেও ব্যবহার করে।

অন্যদিকে, 'ব্রেন রট' শব্দটি বর্তমানে অত্যন্ত পরিচিত। ঘণ্টার পর ঘণ্টা অর্থহীন সোশ্যাল মিডিয়া ভিডিও দেখার ফলে যখন মস্তিষ্ক ভোঁতা হয়ে যায়, সেই অবস্থাকেই তারা বলছে 'ব্রেন রট' বা মগজ পচে যাওয়া। এই শব্দটির গুরুত্ব এতটাই যে, ২০২৪ সালের 'ওয়ার্ড অফ দ্য ইয়ার' হিসেবে একে স্বীকৃতি দিয়েছে অক্সফোর্ড ডিকশনারি। আবার কাউকে অতিরিক্ত প্রশংসা করা বা তেল দেওয়াকে তারা বলছে 'গ্লেজিং'। ডোনাটের ওপরের চকচকে প্রলেপের নাম যেমন গ্লেজ, তেমনি প্রশংসার প্রলেপে কাউকে মুড়িয়ে দেওয়া এখন তাদের কাছে 'গ্লেজিং'।

অদ্ভুত সব শব্দের তালিকায় রয়েছে 'সিক্স সেভেন'। মার্কিন র‍্যাপার স্ক্রিলার এবং বাস্কেটবল তারকা লামেলো বলের প্রভাবে এই শব্দটির প্রচলন বাড়ে। এর নির্দিষ্ট কোনো অর্থ নেই, বরং এটি পরিস্থিতি অনুযায়ী 'চলে আরকি' বা 'না ওটা' বোঝাতে ব্যবহৃত হয়। ২০২৫ সালের 'ওয়ার্ড অফ দ্য ইয়ার' হিসেবে ডিকশনারি ডটকম একে ঘোষণা করেছে। এছাড়া, যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের নাম এখন ব্যবহৃত হচ্ছে অদ্ভুত বা 'ক্রিঞ্জ' কিছু বোঝাতে। ইন্টারনেটে প্রচলিত 'অনলি ইন ওহাইও' মিম থেকে এই ধারণাটি এসেছে।

আবেগের বহিঃপ্রকাশের ক্ষেত্রে তারা ব্যবহার করছে 'ক্র্যাশ আউট' শব্দ। চরম রাগ বা হতাশায় নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া আচরণ করাকেই বলা হয় ক্র্যাশ আউট। আবার কোনো কিছুকে সর্বোচ্চ সীমায় নিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তারা বলছে 'ম্যাক্সিং'। এটি একটি প্রত্যয়ের মতো কাজ করে; যেমন নিজেকে সুন্দর করার চেষ্টা হলে তা 'লুকসম্যাক্সিং' আর টানা ঘুমানো হলে 'স্লিপম্যাক্সিং' হয়ে দাঁড়ায়।

খাবারের বিষয়ে তাদের নিজস্ব শব্দ হলো 'ফানুম ট্যাক্স'। মার্কিন স্ট্রিমার ফানুমের নাম থেকে আসা এই শব্দটির অর্থ হলো বন্ধুর খাবার থেকে অনুমতি ছাড়াই এক টুকরো অংশ নিয়ে নেওয়া। এছাড়া ২০২৬ সালে সসি সান্তানার গানের প্রভাবে 'কোয়ায়েট অন দ্য ক্রিক' কথাটি ভাইরাল হয়েছে, যার অর্থ হলো চুপ থাকা বা নিজের ব্যক্তিগত তথ্য গোপন রাখা। তবে এই শব্দগুলোর আয়ু খুব সংক্ষিপ্ত। জেন আলফার এই ভাষাশৈলী এত দ্রুত পরিবর্তিত হয় যে, একটি শব্দের অর্থ শেখার আগেই তারা নতুন কোনো শব্দ নিয়ে হাজির হয়।