জর্ডানের আকাবা উপসাগর সংলগ্ন 'ক্যাম্প তিতিন' নামক মার্কিন মেরিন সেনা ব্যারাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার রাতে পরিচালিত এই অভিযানে অনেক মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় ক্যাম্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এবং মার্কিন বাহিনীর 'অ্যাটক হেলিকপ্টার' ধ্বংস করা হয়েছে।
ইরানের এই পদক্ষেপটি মূলত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতার একটি প্রতিক্রিয়া। মঙ্গলবার দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় মার্কিন বিমান বাহিনী ব্যাপক হামলা চালায়। এর জবাবেই পাল্টা আঘাত অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আইআরজিসি। উল্লেখ্য, গত জুলাই মাসের পর রোববার রাতে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে 'কঠোর'ভাবে আঘাত হানার হুমকি দিয়েছিলেন এবং সেই হুমকির বাস্তবায়ন হিসেবেই মঙ্গলবারের মার্কিন হামলা চালানো হয়।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, মার্কিন বাহিনী হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর কুহেস্তাকের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া দক্ষিণ ইরানের বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক, লাভান এবং আসলুয়েহ এলাকাগুলোতেও মার্কিন আক্রমণ অব্যাহত রয়েছে।
এদিকে পরিস্থিতির চরম অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে জানিয়েছেন, ইরান যদি এই মার্কিন হামলাগুলোর পাল্টা জবাব দিতে চায়, তবে তাদের ওপর আরও ভয়াবহ ও কঠোর সামরিক অভিযান চালানো হবে। দুই পরাশক্তির এই সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ঠেলে দিয়েছে।

