জাপানে তীব্র গরম থেকে মুক্তি পেতে অনেক পুরুষ এখন শরীরের লোম দীর্ঘমেয়াদে অপসারণের পথ বেছে নিচ্ছেন। রাজধানী টোকিওর একটি গ্রুমিং ক্লিনিকে গ্রীষ্মকালে গ্রাহকদের ভিড় এতটাই বেড়েছে যে, সেবা পেতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই চাহিদা মেটাতে ক্লিনিকগুলোতে নিত্যনতুন গ্রাহকরা আসছেন, যাদের মধ্যে কর্মজীবী তরুণরাও রয়েছেন।

২৪ বছর বয়সী চাকুরিজীবী ইউকি কুবো জানান, গরমে স্বস্তি পেতে কী করা যায় তা ভাবতে গিয়ে তিনি শরীরের লোম অপসারণকেই সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হিসেবে বেছে নিয়েছেন। তিনি বলেন, এটিকে তিনি নতুন বছরের প্রতিশ্রুতি হিসেবেও দেখছেন। কুবোর মতে, লোম অপসারণের ফলে শুধু ঘামজনিত অস্বস্তিই কমেনি, বরং ত্বক মসৃণ হওয়ায় নিজেকে আরও পরিচ্ছন্ন মনে হচ্ছে।

টোকিওর গিনজা এলাকায় অবস্থিত 'গরিলা ক্লিনিক' নামের এই প্রতিষ্ঠানটির দেশজুড়ে ২৩টি শাখা রয়েছে। ক্লিনিকটির শাখা পরিচালক হিরোইয়ুকি ওতা জানান, আগে এই ক্লিনিকগুলোতে মুখের অবাঞ্ছিত লোম অপসারণের চাহিদাই সবচেয়ে বেশি ছিল, কিন্তু এখন শরীরের অন্যান্য অংশের লোম অপসারণের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

জাপানে আগে শর্টস পোশাককে শুধু শিশু বা সৈকতের জন্য উপযুক্ত মনে করা হতো, তবে সেই ধারণা বদলে যাচ্ছে। এখন অনেক পুরুষ শর্টস পরতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং সেই সাথে শরীরের লোম অপসারণের প্রবণতাও বাড়ছে। চলতি গ্রীষ্মে টোকিও নগর প্রশাসন তাদের 'কুল বিজ' কর্মসূচি আরও এক ধাপ এগিয়ে নিয়েছে, যেখানে গরম মোকাবিলা ও জ্বালানি সাশ্রয়ে কর্মীদের হালকা পোশাক পরতে উৎসাহিত করা হচ্ছে।

জাপানে সাম্প্রতিক বছরগুলোতে গ্রীষ্মকালীন তাপমাত্রা ক্রমেই অসহনীয় আকার ধারণ করছে। গত বছর দেশটিতে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সৌন্দর্য বিষয়ক প্ল্যাটফর্ম 'হট পেপার বিউটি'-এর জরিপ অনুযায়ী, এ বছর উত্তরদাতাদের এক-চতুর্থাংশেরও বেশি পুরুষ গত ১২ মাসে পায়ের নিচের অংশের লোম অপসারণের চিকিৎসা নিয়েছেন। প্রচণ্ড গরম ও অসহনীয় তাপপ্রবাহের এই পরিস্থিতিতে লোম অপসারণকে অনেকেই একটি কার্যকর সমাধান হিসেবে দেখছেন, যা ক্লিনিকগুলোর ব্যস্ততা থেকেই স্পষ্ট।