তুরস্কের আনতালিয়া শহরের এক্সপো সিটিতে আয়োজিত কপ ৩১ সম্মেলনের দ্বিতীয় দিনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘কৃষি ও খাদ্য ব্যবস্থায় অ্যাগ্রো ইকোলজি সমাধান’ শীর্ষক এই সাইড ইভেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আফ্রিকার গবেষক ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা জলবায়ু সমস্যা সমাধানে নারীদের কৃষি জ্ঞান এবং লোকায়ত বিজ্ঞানের যথাযথ স্বীকৃতির ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, হাজার বছরের পুরনো লোকায়ত বিজ্ঞান প্রকৃতির কোনো ক্ষতি করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা করে পৃথিবীকে নিরাপদ রাখে। এই জ্ঞান পুনরুদ্ধারে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।

আলোচনায় অংশগ্রহণকারী ভারতের বেনু মরগান, পাকিস্তানের নাসিরা হক এবং দাতা সংস্থা আফসা’র প্রতিনিধি মিলিয়ন বেলে ও ব্রিগেট মুগাম্বেরা বর্তমান আধুনিক কৃষি ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। তাঁদের দাবি, আধুনিক কৃষি কেবল উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণের দিকে নজর দেয়, যার ফলে ঐতিহ্যগত লোকায়ত কৃষি ও সমন্বিত কৃষি পদ্ধতিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। উত্তর-আধুনিক যুগে এসে কৃষি ব্যবস্থা মাটি ও ফসলের প্রকৃত সম্পর্কের চেয়ে কেবল বাণিজ্যিক উৎপাদনের পেছনে ছুটছে। বক্তাদের মতে, যদি প্রাকৃতিক কেন্দ্রিক কৃষি অর্থনীতি গড়ে তোলা যায়, তবে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং লাঙ্গলের ফলায় কৃষির প্রকৃত বিকাশ ঘটবে। জলবায়ু পরিবর্তনের নিরাপদ সমাধান হিসেবে তাঁরা 'অ্যাগ্রো ইকোলজি'র কথা বলেন।

জাতিসংঘ ইউএনএফসিসির এই অফিসিয়াল ইভেন্টের অন্যতম আয়োজক এবং বারসিকের পরিচালক পাভেল পার্থ তাঁর উপস্থাপনায় জলবায়ু সংকট নিরসনে অ্যাগ্রো ইকোলজির কার্যকারিতা প্রমাণসহ আলোচনা করেন। তিনি তিনটি রিও সনদ এবং প্যারিস চুক্তির অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি রাষ্ট্রের এনডিসিতে (NDC) কৃষি ও খাদ্যব্যবস্থার আমূল রূপান্তরের জন্য অ্যাগ্রো ইকোলজিকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। বিশ্বজুড়ে প্রচলিত জীবাশ্ম জ্বালানি ও রাসায়নিক নির্ভর করপোরেট কৃষি ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, এখন আর বাণিজ্যিক প্যাকেজ বা ছলনার সময় নেই; বরং বিজ্ঞান, চর্চা এবং আন্দোলনের মাধ্যমেই প্রকৃত সমাধান সম্ভব। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, বাংলাদেশ এনডিসি পরিকল্পনায় অ্যাগ্রো ইকোলজি যুক্ত করলেও তা এখনো জাতীয় কৃষি নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়নি, যা দ্রুত করা প্রয়োজন।

পাশাপাশি, বারসিকের পরিচালক ও গবেষক সৈয়দ আলী বিশ্বাস জানান, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে অ্যাগ্রো ইকোলজি কার্বন নিঃসরণ কমিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করে। এটি স্থানীয় সম্পদগুলোর সমন্বিত ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদন সচল রাখে। তাঁর মতে, এই পদ্ধতি কেবল মানুষের খাদ্যের কথা ভাবে না, বরং পৃথিবীর সমস্ত প্রাণের বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করে।