তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় জলবায়ু সহনশীল এবং কম কার্বননির্ভর অর্থনীতির পথে উত্তরণের জন্য প্রয়োজনীয় সহায়তার কথা বলা হয়। ‘এনডিসি ৩-এ ন্যায্য রূপান্তর: বাংলাদেশে অঙ্গীকার থেকে বাস্তবায়ন’ শীর্ষক এই অনুষ্ঠানে জলবায়ু কর্মীরা সরকারের পরিকল্পনা বাস্তবায়নে অনুদান, কারিগরি জ্ঞান এবং প্রযুক্তির সহায়তার দাবি জানান। জাস্ট ট্রানজিশন বাংলাদেশ সেন্টার (জেটিবিসি)-এর উদ্যোগে আয়োজিত এই আলোচনায় উল্লেখ করা হয় যে, সরকারের হিসেব অনুযায়ী এই রূপান্তর কর্মপরিকল্পনাটি সম্পন্ন করতে প্রায় ১৮৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রয়োজন হবে।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মুকিত মজুমদার বাবু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সঞ্চালক ও জেটিবিসির ট্রাস্টি এস এম মোর্শেদ বাংলাদেশের ন্যায্য রূপান্তরের বর্তমান অগ্রগতি এবং গৃহীত অঙ্গীকারগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

বক্তারা জানান, বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০-তে ন্যায্য রূপান্তরের বিষয়টি গুরুত্ব দিয়ে একটি পূর্ণাঙ্গ অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় মোট ছয়টি ভিন্ন ভিন্ন খাতে ৬৯টি নির্দিষ্ট কার্যক্রম নির্ধারণ করা হয়েছে। তবে এই কার্যক্রমগুলোর সফল বাস্তবায়নের জন্য খাতভিত্তিক পথনকশা প্রণয়ন, সামাজিক সংলাপ এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

আলোচনার এক পর্যায়ে গুরুত্ব দেওয়া হয় যে, অর্থনীতিকে কম কার্বননির্ভর করার প্রক্রিয়ায় বিশেষ করে অনানুষ্ঠানিক খাতের সাথে জড়িত ব্যক্তি, প্রচলিত পরিবহন ব্যবস্থা এবং নির্মাণ খাতের শ্রমিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনজীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয়। দারিদ্র্য দূরীকরণ, শোভন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করাকে এই রূপান্তর পরিকল্পনার মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করার কথা বলা হয়। এই লক্ষ্যগুলো অর্জনে জলবায়ু তহবিলে সরকার এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের বিশেষ বরাদ্দ রাখার অনুরোধ জানান বক্তারা। সভায় আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (আইটিইউসি) বৈশ্বিক জলবায়ু নীতি সমন্বয়ক বার্ট দে ওয়েল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক ধরিত্রী কুমার সরকার এবং ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান।