মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় কিছু ছোটখাটো পরিবর্তন আনলে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব। তবে আমরা অনেক সময় এমন কিছু অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ি, যা অজান্তেই হার্টের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে। জীবনধারা ও স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে হৃদরোগ বিশেষজ্ঞরা হৃদযন্ত্রের যত্নে অবহেলার ৭টি প্রধান লক্ষণ ও প্রতিকার আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাবট’-এর জ্যেষ্ঠ চিকিৎসা পরিচালক ডা. নাদিম গেলু জানান, পর্যাপ্ত ও গভীর ঘুমের অভাব শরীরে প্রদাহ সৃষ্টি করে, রক্তে কোলেস্টেরল বাড়ায় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি তৈরি করে, যা সরাসরি হৃদযন্ত্রের ক্ষতি করে। এই বিষয়ে ‘নর্থওয়েস্টার্ন মেডিসিন ব্লুম কার্ডিওভাসকুলার ইনস্টিটিউট’-এর ডা. রড পাসম্যান পরামর্শ দেন যে, প্রতি রাতে অন্তত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম নিশ্চিত করা প্রয়োজন। ঘুমের মান বাড়াতে বিকেলের পর ক্যাফেইন জাতীয় পানীয় পরিহার করা এবং ঘুমানোর ৩০ মিনিট আগে সব ধরণের ডিজিটাল স্ক্রিন থেকে দূরে থাকার কথা বলেছেন তিনি।

শারীরিক কিছু সূক্ষ্ম লক্ষণকে অনেকে বয়স বা মানসিক চাপের কারণ হিসেবে ধরে নিয়ে এড়িয়ে যান। তবে ‘রবার্ট উড জনসন ইউনিভার্সিটি হসপিটাল’-এর ডা. মার্ক জে. রুসো সতর্ক করে বলেছেন, সামান্য পরিশ্রমে শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া হার্ট ফেইলিউরের পূর্বাভাস হতে পারে। এছাড়া পায়ের গোড়ালি ফুলে যাওয়া, মাথা হালকা লাগা কিংবা বুকে চাপ অনুভব করা করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের ভাল্ভের সমস্যার লক্ষণ। যদি বুকে ব্যথার সাথে বমি ভাব, ঘাম এবং চোয়াল বা বাহুতে ব্যথা ছড়িয়ে পড়ে, তবে তা জরুরি চিকিৎসা পাওয়ার সংকেত।

মানসিক চাপের প্রভাব সম্পর্কে ডা. নাদিম গেলু ব্যাখ্যা করেন যে, দীর্ঘস্থায়ী মানসিক চাপ শরীরকে সর্বদা আতঙ্কিত অবস্থায় রাখে, যার ফলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধি পায়। এই চাপ কমাতে যোগব্যায়াম, ধ্যান, হাঁটাচলা কিংবা প্রিয়জনদের সাথে সময় কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত অ্যালকোহল সেবনের বিষয়ে ডা. রড পাসম্যান সতর্ক করে বলেন, এটি হৃদস্পন্দনের স্বাভাবিক ছন্দ নষ্ট করে ‘অ্যাট্রিয়াল ফিব্রিলেইশন’ নামক জটিলতা তৈরি করতে পারে।

শরীরচর্চার প্রয়োজনীয়তা উল্লেখ করে ডা. গেলু বলেন, নিয়মিত ব্যায়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং শরীর থেকে স্ট্রেস হরমোন দূর করে। তিনি পরামর্শ দিয়েছেন, শুরুতে ভারী ব্যায়াম না করে প্রতিবার খাবারের পর ১০ মিনিট হাঁটার অভ্যাস করতে এবং সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মানের শরীরচর্চা নিশ্চিত করতে।

খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ডা. পাসম্যানের মতে, প্রক্রিয়াজাত ও রেস্তোরাঁর খাবারে উচ্চমাত্রায় সোডিয়াম থাকে, যা রক্তচাপ বাড়িয়ে দেয়। এর পরিবর্তে বাড়িতে তৈরি তাজা শাকসবজি, ফলমূল, পূর্ণ শস্য এবং চর্বিহীন প্রোটিন গ্রহণের কথা বলা হয়েছে। সবশেষে, ডা. মার্ক জে. রুসো মনে করিয়ে দিয়েছেন যে, উচ্চ রক্তচাপ বা রক্তে শর্করার মতো সমস্যাগুলো শুরুতে কোনো লক্ষণ দেখায় না। তাই সুস্থ থাকলেও নিয়মিত রক্তচাপ, কোলেস্টেরল এবং ‘এইচবিএ১সি’ পরীক্ষা করানো অত্যন্ত জরুরি।