প্রযুক্তির বাজারে প্রতিযোগিতা আরও তীব্র করতে নিজেদের হেলথ অ্যাপে ব্যাপক আধুনিকায়ন ও উন্নত ফিচার যুক্ত করছে অ্যাপল। এতদিন এই অ্যাপটি মূলত অ্যাপল ওয়াচ এবং ব্লুটুথযুক্ত ফিটনেস ডিভাইস থেকে সংগৃহীত তথ্যের একটি ভাণ্ডার হিসেবে ব্যবহৃত হতো। তবে এখন আর কেবল ডেটা স্টোরেজ হিসেবে সীমাবদ্ধ না থেকে, সরাসরি গুগল, ওরা এবং হুুপ-এর মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করতে আইওএস ২৭.২ বিটা সংস্করণে অ্যাপটির নতুন রূপ নিয়ে এসেছে কোম্পানিটি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট-এর এক প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল প্রথমবারের মতো বিপুল পরিমাণ তথ্যের কার্যকর ব্যবহার নিশ্চিত করে একটি বাস্তবমুখী হেলথ অ্যাপ চালু করার উদ্যোগ নিয়েছে।

অ্যাপটির বর্তমান বিটা সংস্করণে 'ইনসাইটস' নামে একটি নতুন ট্যাব যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ঘুম, শারীরিক ফিটনেস এবং প্রস্তুতির বিষয়ে বিস্তারিত ধারণা পাবেন। বিশেষ করে অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং আল্ট্রা ৪ ব্যবহারকারীরা 'রেডিনেস' ফিচারের মাধ্যমে দৈনিক বিভিন্ন মেট্রিকস এবং ট্রেন্ডের সার্বিক চিত্র দেখতে পারবেন। এছাড়া নতুনভাবে যুক্ত হয়েছে 'লনজিভিটি' ট্যাব, যেখানে বেশ কিছু আকর্ষণীয় ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো 'হেলথ এজ' নামক একটি স্কোরিং সিস্টেম। এই সিস্টেমটি অ্যাপল ওয়াচের সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে ব্যবহারকারীর প্রকৃত বয়সের তুলনায় শরীরের ভেতরের কার্যক্ষমতা বা জৈবিক বয়স কেমন, তা অনুমান করতে সক্ষম। পাশাপাশি 'মুভমেন্ট অ্যাসেসমেন্ট' ফিচারের মাধ্যমে শরীরের নমনীয়তা, ভারসাম্য এবং শারীরিক শক্তির নিখুঁত পরিমাপ করা যাবে।

অ্যাপল জানিয়েছে, ব্যবহারকারীদের নিজস্ব স্বাস্থ্য তথ্যের সামঞ্জস্য রেখে স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শ এবং ভিডিও মন্তব্যগুলো এখন ডায়নামিক পদ্ধতিতে অ্যাপটিতে প্রদর্শিত হবে। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতের বিটা সংস্করণগুলোতে ল্যাব টেস্ট অর্ডার করার সুযোগ, ব্যক্তিগত কোয়েস্ট এবং আরও উন্নত পারসোনালাইজেশন সুবিধা যুক্ত হতে পারে। গুগল, ওরা এবং হুুপ-এর মতো প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে এআই ও কাস্টমাইজড সফটওয়্যারের মাধ্যমে সংগৃহীত ডেটাকে অনন্য স্কোর ও সুপারিশে রূপান্তর করছে; অ্যাপল এখন সেই একই কৌশলে তাদের অ্যাপ ও ঘড়িকে আরও শক্তিশালী করে তুলতে চায়।

যদিও অ্যাপল আনুষ্ঠানিকভাবে নতুন ডিজাইনের এই হেলথ অ্যাপটি চলতি বছরের শেষ দিকে বাজারে আনার ঘোষণা দিয়েছিল, তবে ডেভেলপার বিটা সংস্করণে এর আগাম উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে চূড়ান্ত সংস্করণটি খুব শীঘ্রই সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হতে পারে।