যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ১৯৭২ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ আজ ৫৪ বছরে পদার্পণ করেছেন। তিন দশকের দীর্ঘ অভিনয় জীবনে তিনি চারটি গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছেন এবং হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় নিজের নাম খোদাই করেছেন। তবে তার এই সাফল্যের পথটি শুরু হয়েছিল খুব সাধারণ এক মধ্যবিত্ত পরিবার থেকে। শৈশবে চরম আর্থিক সংকটের কথা উল্লেখ করে ডিয়াজ বিভিন্ন সময়ে জানিয়েছেন, অতিরিক্ত অর্থের প্রয়োজনে তাঁর পরিবারের সদস্যরা ক্যান সংগ্রহ করে বিক্রি করতেন। তবে অভাবের মাঝেও তাঁদের সংসার ছিল অত্যন্ত আনন্দময় ও ভালোবাসায় পরিপূর্ণ। মাত্র ১৬ বছর বয়সে স্কুল জীবন চলাকালেই তিনি মডেলিংয়ের দুনিয়ায় প্রবেশ করেন এবং ক্যালভিন ক্লেইন ও কোকাকোলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের সাথে কাজ করেন।

অভিনয়ের কোনো পূর্ব অভিজ্ঞতা বা প্রশিক্ষণ ছাড়াই ২১ বছর বয়সে তিনি চলচ্চিত্রের সুযোগ পান। ১৯৯৪ সালে জিম ক্যারির বিপরীতে 'দ্য মাস্ক' সিনেমায় টিনা কার্লাইল চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। তবে প্রাথমিক সাফল্যের পর তিনি নিজেকে আরও দক্ষ করতে অভিনয়ের ক্লাসে ভর্তি হন এবং 'ফিলিং মিনেসোটা' ও 'দ্য লাস্ট সাপার'-এর মতো ছোট বাজেটের সিনেমায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। ১৯৯৭ সালে 'মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং' সিনেমায় জুলিয়া রবার্টসের সাথে কাজ করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। তবে ১৯৯৮ সালের 'দেয়ার্স সামথিং অ্যাবাউট মেরি' সিনেমাটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়, যা তাঁকে হলিউডের শীর্ষ তারকাদের সারিতে নিয়ে আসে এবং প্রথম গোল্ডেন গ্লোব মনোনয়ন এনে দেয়। পরবর্তীতে 'বিং জন মালকোভিচ' ও 'ভ্যানিলা স্কাই'র মাধ্যমে তিনি তাঁর বহুমুখী অভিনয় প্রতিভা প্রমাণ করেন। বাণিজ্যিক সাফল্যের চূড়ায় পৌঁছান 'চার্লিস অ্যাঞ্জেলস' অ্যাকশন মুভির মাধ্যমে এবং 'শ্রেক' ফ্র্যাঞ্চাইজিতে প্রিন্সেস ফিওনা চরিত্রে তাঁর কণ্ঠদান তাঁকে অ্যানিমেশন জগতের এক আইকনে পরিণত করে।

পারিশ্রমিকের ক্ষেত্রেও ক্যামেরন ডিয়াজ ছিলেন অনন্য। 'দেয়ার্স সামথিং অ্যাবাউট মেরি'র জন্য ২০ লাখ ডলার থেকে শুরু করে 'চার্লিস অ্যাঞ্জেলস: ফুল থ্রটল'-এ তাঁর আয় দাঁড়ায় ২ কোটি ডলার। সবচেয়ে বেশি আলোচনা হয় 'ব্যাড টিচার' সিনেমাকে কেন্দ্র করে, যেখানে লাভের অংশসহ তাঁর মোট আয় ছিল ৪ কোটি ২০ লাখ ডলার। ২০১৩ সালে ৪০ বছরের বেশি বয়সী অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি।

তবে সাফল্যের শীর্ষে থাকা অবস্থাতেই ২০১৪ সালে 'অ্যানি' সিনেমার পর তিনি রহস্যজনকভাবে অভিনয় থেকে দূরে সরে যান। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করে তিনি জানান, খ্যাতি ও অতিরিক্ত ব্যস্ততার কারণে তিনি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছিলেন। গুইনেথ প্যালট্রো এবং ফরচুন-এর সাথে আলাপচারিতায় তিনি উল্লেখ করেন যে, নিজের জীবন পুনরায় নিজের নিয়ন্ত্রণে নিতে এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিতেই এই বিরতি প্রয়োজন ছিল। এই বিরতির সময়েই তিনি গুড শার্লট ব্যান্ডের সংগীতশিল্পী বেনজি ম্যাডেনকে বিয়ে করেন এবং ব্যবসায়িক কাজে মনোনিবেশ করেন। ব্যক্তিগত জীবনে তিনি ম্যাট ডিলন এবং জাস্টিন টিম্বারলেকের সাথে সম্পর্কের কারণে আলোচনায় এসেছিলেন। এছাড়া বাবার মৃত্যু তাঁর জীবনের এক কঠিন সময় ছিল। দীর্ঘ বিরতির পর অবশেষে ২০২৫ সালে 'ব্যাক ইন অ্যাকশন' সিনেমার মাধ্যমে আবারও পর্দায় ফিরে আসেন এই তারকা অভিনেত্রী।