২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর ঐতিহ্যবাহী হলি ক্রস কলেজ। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এবার বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—এই তিন বিভাগে মোট ১ হাজার ৩৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষায় ২৮০টি এবং মানবিকে ২৭০টি আসন রয়েছে।
যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশে ভর্তি হতে আগ্রহী, তাদের আগামী ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। কলেজের ওয়েবসাইটে গিয়ে 'Admissions' বিকল্প থেকে 'Admission Application'-এ ক্লিক করে ফর্ম পূরণ করা যাবে। আবেদন ফি বাবদ বিকাশের মাধ্যমে ৫০০ টাকা জমা দিতে হবে। ফি পরিশোধের ৫ থেকে ১০ মিনিট পর আবেদন ফর্ম ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
বিভাগভিত্তিক আবেদনের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য এসএসসিতে জিপিএ ৫.০০ থাকতে হবে এবং উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় দুটি থাকা বাধ্যতামূলক। মানবিকে জিপিএ ৩ থেকে ৫ এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪ থেকে ৫ থাকতে হবে। তবে বিভাগ পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে—বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪ বা তার বেশি থাকলে মানবিকে আবেদন করা যাবে, আর বিজ্ঞানে ৪.২৫ বা তার বেশি জিপিএ থাকলে ব্যবসায় শিক্ষায় আবেদনের অনুমতি মিলবে।
ভর্তি প্রক্রিয়ায় এসএসসির জিপিএ এবং সিলেকশন টেস্টের নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। সেই সঙ্গে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। সিলেকশন টেস্টে এসএসসি ২০২৬-এর সিলেবাস অনুযায়ী প্রশ্ন থাকবে। বিজ্ঞান বিভাগে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান—এই বিষয়ে পরীক্ষা দিতে হবে। মানবিকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান, আর ব্যবসায় শিক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে।
সিলেকশন টেস্টের তারিখও ঘোষণা করা হয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা ১১ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষার শিফট ও সময়সূচি ৮ সেপ্টেম্বর দুপুর ১২টার পর কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানানো হবে। আসন ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য (ভবন ও রুম নম্বরসহ) প্রকাশ করা হবে ৯ সেপ্টেম্বর বেলা ১টার পর।
পরীক্ষার হলে শিক্ষার্থীদের প্রবেশপত্র, কলম, পেনসিল, রাবার ও স্কেল নিয়ে যেতে হবে। তবে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ। পরীক্ষার দিন ডাউনলোডকৃত আবেদন ফর্ম (সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত), এসএসসি প্রবেশপত্রের ফটোকপি এবং অনলাইন ট্রান্সক্রিপ্টের কপি জমা দিতে হবে। সব কাগজপত্র একত্রে স্ট্যাপলার করে ডান পাশের কোণে আবেদন আইডি নম্বর লিখতে হবে।
আবেদন ফর্ম পূরণের সময় সঠিক তথ্য দেওয়া অত্যন্ত জরুরি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ভুল বা মিথ্যা তথ্য দিলে ভর্তি বাতিল করা হবে—এমনকি ভর্তির পরেও। তাই এসএসসির প্রবেশপত্র ও ট্রান্সক্রিপ্টের সঙ্গে মিল রেখেই ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে ১৫ সেপ্টেম্বর বেলা ১টার পর কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডে। নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর বিকাল ৫টার পর থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে আসন বাতিল হয়ে যাবে। ভর্তি সংক্রান্ত যেকোনো পরিবর্তন কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




