সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে নিজস্ব ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মোট ৫৬০টি আসনে শিক্ষার্থী ভর্তি হবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে ৩২০টি এবং ইংরেজি ভার্সনে ৮০টি আসন বরাদ্দ করা হয়েছে। এছাড়া ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে যথাক্রমে ৮০টি করে আসন রাখা হয়েছে।
ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে, যা চলবে ১২ সেপ্টেম্বর বেলা ২টা পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের ‘Admission’ লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের তথ্যের প্রয়োজন হবে এবং সার্ভিস চার্জ ব্যতীত ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। ফি পরিশোধের পর শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট জিপিএ শর্ত নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনের জন্য ন্যূনতম জিপিএ ৪.৭৮ প্রয়োজন। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মানবিক বিভাগের জন্য ২.৫০ থাকতে হবে। যারা বিভাগ পরিবর্তন করে আবেদন করতে চান, তাদের জন্য ভিন্ন শর্ত রয়েছে; বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষায় আসতে ন্যূনতম জিপিএ ৪ এবং বিজ্ঞান থেকে মানবিকের জন্য জিপিএ ৩ প্রয়োজন। একইভাবে ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকা বাধ্যতামূলক। উল্লেখ্য, ইংরেজি ভার্সনে আবেদনের ক্ষেত্রে বাংলা ভার্সনের শিক্ষার্থীরা সুযোগ পাবেন না এবং ও লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না।
আগামী ১৩ সেপ্টেম্বর, রবিবার সকাল ৯টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা ২০২৬ সালের এসএসসি সিলেবাসের আলোকে নেওয়া হবে। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে নিয়ম হলো, বিজ্ঞান থেকে ব্যবসায় বা মানবিকের আবেদনকারীরা বিজ্ঞান বিভাগের প্রশ্নে পরীক্ষা দেবেন এবং ব্যবসায় শিক্ষা থেকে মানবিকের আবেদনকারীরা ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নে অংশগ্রহণ করবেন।
বিষয়ভিত্তিক পরীক্ষার বিন্যাস নিম্নরূপ: বিজ্ঞান বিভাগের জন্য বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান; ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং; এবং মানবিক বিভাগের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি ও পৌরনীতি থেকে প্রশ্ন থাকবে। চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের পাশাপাশি এসএসসিতে অর্জিত জিপিএ বিবেচনা করা হবে। মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকা কলেজের ওয়েবসাইট, নোটিশ বোর্ড এবং ফেসবুক পেজে প্রকাশ করা হবে।




