শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুওয়াং ফুড তাদের কারখানা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দেশের দুই স্টক এক্সচেঞ্জে আজ রোববার কোম্পানিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। মূলত জ্বালানি গ্যাসের ঘাটতি এবং উৎপাদন উপকরণের ক্রমবর্ধমান দামের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের এক বৈঠকে গতকাল শনিবার এই লেঅফ ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং ওই দিন থেকেই কারখানাটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। আগামী ছয় মাসের জন্য কারখানাটি বন্ধ রাখার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

ব্রেড, বিস্কুট, কেক, নুডলসসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন করে থাকে ফুওয়াং ফুড। ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি বর্তমানে দুর্বল আর্থিক অবস্থার কারণে জেড শ্রেণিতে তালিকাভুক্ত। ২০২৩ সালের পর থেকে কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ প্রদান করতে পারেনি।

দীর্ঘদিন ধরে লোকসানের মধ্যে থাকা এই কোম্পানির উৎপাদন কারখানা গাজীপুরের হোতাপাড়ায় অবস্থিত। কোম্পানির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে প্রায় এক হাজার কর্মী কাজ করেন।

কারখানা বন্ধের খবর প্রকাশের পর আজ ঢাকার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার প্রতি দাম ১০ পয়সা বা প্রায় ১ শতাংশ হ্রাস পেয়ে ১১ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। এই দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির প্রায় পৌনে দুই লাখ শেয়ার লেনদেন হয়েছে।