রাজধানীর গেন্ডারিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা। নিহত ব্যক্তির নাম প্রমথ সরকার (৬৫)। রোববার দুপুর আড়াইটার দিকে গেন্ডারিয়ার দয়াগঞ্জ ও দোলাইরপাড়ের মাঝামাঝি সড়কে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত রিকশা তাঁকে আঘাত করে। এতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর চোট পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যে ব্যাটারিচালিত রিকশাচালক তাঁকে হাসপাতালে পৌঁছে দেন, সেই মো. রুবেল জানান, দুপুর আড়াইটার দিকে প্রমথ সরকার রাস্তা পার হচ্ছিলেন। ঠিক তখনই একটি দ্রুতগতির ব্যাটারিচালিত রিকশা এসে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন এবং মাথায় আঘাত পান।
নিহতের প্রতিবেশী কল্যাণ কুমার সিংহ বলেন, দুপুরে বাসা থেকে স্বামীবাগের একটি মন্দিরে নিমন্ত্রণে গিয়েছিলেন প্রমথ সরকার। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে আসেন এবং গিয়ে দেখতে পান প্রমথ সরকার মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সেলিম হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
প্রমথ সরকারের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাহাড়ি গ্রামে। তাঁর বাবার নাম মৃত রাম হরি সরকার। তিনি পুরান ঢাকার বাংলাবাজারের হেমেন্দ্র দাশ রোডে নিজস্ব ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।




