রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় রোববার ভোরের ভারী বৃষ্টিতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) স্থানীয় কার্যালয় প্লাবিত হয়েছে। বৃষ্টির পানি কার্যালয়ের নিচতলায় ঢুকে পড়ায় পুরো এলাকা জলাবদ্ধতায় রূপ নিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, অফিসের গ্রাহকসেবা কক্ষ এবং নিয়ন্ত্রণকক্ষে হাঁটু সমান পানি জমে গেছে।

জলাবদ্ধতার কারণে বিদ্যুৎ অফিসের ভেতরে প্রবেশ করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। তারা হাঁটু সমান পানি মাড়িয়ে কার্যালয়ে যাতায়াত করছেন। শুধু দাপ্তরিক কক্ষগুলোই নয়, কার্যালয় সংলগ্ন বেশ কয়েকটি ট্রান্সফরমারও বৃষ্টির পানিতে ডুবে গেছে, যা বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে।

স্থানীয়দের মতে, এই এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার চরম অব্যবস্থাপনার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টি হলেই প্রায়ই এই বিদ্যুৎ কার্যালয়ের নিচতলায় পানি জমে যায়। যথাযথ পদক্ষেপ না নেওয়ায় বারবার এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষকে।