এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করতে সিঙ্গাপুরে এশিয়াপ্যাসিফিক সদর দপ্তর খোলার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠান মিস্ট্রাল। ওপেন-ওয়েট মডেলের প্রতি এই অঞ্চলের ক্রমবর্ধমান আগ্রহকে পুঁজি করে তারা এই পদক্ষেপ নিয়েছে। কোম্পানিটির পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে এই অঞ্চলে তাদের মোট কর্মী সংখ্যা বাড়িয়ে ২০০ জনে উন্নীত করা হবে। বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের ওপেন-ওয়েট মডেলগুলোর ব্যাপক প্রচলন রয়েছে। উদাহরণস্বরূপ, সিঙ্গাপুরের জাতীয় এআই গবেষণা ও উন্নয়ন কর্মসূচির লেটেস্ট 'SEA-LION' মডেলটি আলিবাবার 'Qwen'-এর ওপর ভিত্তি করে তৈরি এবং দেশটির ওসিবিসি (OCBC) ব্যাংক তাদের ৩০টিরও বেশি অভ্যন্তরীণ টুলস চালানোর জন্য ডিপসিক-সহ বিভিন্ন ওপেন মডেল ব্যবহার করছে।

তবে মিস্ট্রাল মনে করে, চীনা সেবা প্রদানকারীদের তুলনায় তারা কোম্পানিগুলোকে সরাসরি এবং হাতে-কলমে সহায়তা প্রদানের মাধ্যমে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। মিস্ট্রালের চিফ রেভিনিউ অফিসার মারজোরি জানিয়েউইচ জানান, একটি এআই মডেল সফলভাবে বাস্তবায়নের জন্য তিনটি মূল উপাদানের প্রয়োজন: বুদ্ধিমত্তা, তা স্থাপনের প্রযুক্তি এবং সেই প্রযুক্তিকে বাস্তব কার্যপ্রবাহ বা অ্যাপ্লিকেশনে রূপান্তর করার সক্ষমতা। এর সাথে যুক্ত হয় 'ফরওয়ার্ড-ডিপ্লয়েড ইঞ্জিনিয়ারিং'। তার মতে, চীনা এআই মডেলগুলোর ক্ষেত্রে সাধারণত এই উপাদানগুলোর একটি বা একাধিক অনুপস্থিত থাকে, যার ফলে কোম্পানিগুলো সেগুলোকে পূর্ণাঙ্গ উৎপাদনে নিতে হিমশিম খায়।

সিঙ্গাপুরের এই নতুন অফিসটি একটি 'এক্সটেন্ডেড সায়েন্স হাব' হিসেবে কাজ করবে। এখানে এই অঞ্চলের সরকারি খাত, হাই-টেক ম্যানুফ্যাকচারিং এবং রোবোটিক্স শিল্পের জন্য অত্যাধুনিক মডেল তৈরি করা হবে। এশিয়াপ্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট অফ রেভিনিউ জিফ সুন উল্লেখ করেন যে, তাদের নিয়োগ করা কর্মীদের ৭০ শতাংশের বেশিই বিজ্ঞানী এবং ফরওয়ার্ড-ডিপ্লয়েড ইঞ্জিনিয়ার, যা সিঙ্গাপুরে একটি শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তি গড়ে তোলার লক্ষ্যকে নির্দেশ করে।

মিস্ট্রালের সাথে সিঙ্গাপুরের সম্পর্ক শুরু হয় ২০২৪ সালে, যখন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (MINDEF) সাথে তাদের যোগাযোগ স্থাপিত হয়। পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বরে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা হোম টিম সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সির (HTX) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে মিস্ট্রাল। এই চুক্তির মাধ্যমে ভিডিও এআই, এমবডিড এআই এবং সাইবার নিরাপত্তা খাতের এআই প্রযুক্তিতে উভয় পক্ষ সহযোগিতার সিদ্ধান্ত নেয়।

ভর্চুন-এর ইউরোপের সবচেয়ে উদ্ভাবনী কোম্পানিগুলোর তালিকায় ৬৪তম স্থানে থাকা মিস্ট্রাল বর্তমানে ভূ-রাজনৈতিক পরিস্থিতিকেও কাজে লাগাচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই প্রতিযোগিতার মাঝে ইউরোপীয় দেশগুলো এখন 'সোভেরিন এআই' বা সার্বভৌম এআই মডেলের কথা বলছে, যাতে তারা কোনো নির্দিষ্ট পরাশক্তির প্রযুক্তির ওপর নির্ভরশীল না থাকে। গত মাসে মিস্ট্রাল তাদের সর্বশেষ মডেল 'মিস্ট্রাল লার্জ ৪' (le Chonk) প্রকাশ করেছে, যাতে ১ ট্রিলিয়ন প্যারামিটার এবং ১ মিলিয়ন টোকেন কনটেক্সট উইন্ডো রয়েছে। আর্টিফিশিয়াল অ্যানালাইসিসের কোডিং এজেন্ট ইনডেক্সে এই মডেলটি ডিপসিক ফ্ল্যাশ ভি৪.১ এবং জিএলএম ৫.৩-এর মতো ওপেন-ওয়েট মডেলগুলোকে ছাড়িয়ে গেছে।

জানিয়েউইচ আরও বলেন, বিশ্বজুড়ে কোম্পানিগুলোকে কেবল যুক্তরাষ্ট্র বা চীনের ক্লোজড-সোর্স মডেলের ওপর নির্ভর করতে হবে এমন কোনো কথা নেই। মিস্ট্রাল একটি কার্যকর বিকল্প হিসেবে নিজেদের উপস্থাপন করছে, যা কোম্পানিগুলোকে স্বায়ত্তশাসন অর্জনে সহায়তা করবে। বিশেষ করে গত ১২ জুন মার্কিন বাণিজ্য দপ্তরের বিধিনিষেধের কারণে অ্যানথ্রোপিক যখন তাদের দুটি উন্নত মডেল বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য স্থগিত করে, তখন অনেক প্রতিষ্ঠান বুঝতে পেরেছে যে প্রযুক্তির সার্বভৌমত্ব কেবল আলোচনার বিষয় নয়, বরং ব্যবসায়িক ধারাবাহিকতার জন্য একটি প্রয়োজনীয় শর্ত।