ব্যাংকিং খাতের অভিজ্ঞ পেশাদারদের জন্য বড় নিয়োগের সুযোগ তৈরি হয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি-তে (এনসিসি ব্যাংক)। প্রতিষ্ঠানটি তাদের শাখা পরিচালনার জন্য 'ব্রাঞ্চ ম্যানেজার' পদে কর্মী নিয়োগ করতে যাচ্ছে। পদমর্যাদার ক্ষেত্রে প্রার্থীর জ্যেষ্ঠতার ওপর ভিত্তি করে 'সিনিয়র এক্সিকিউটিভ অফিসার' থেকে শুরু করে 'ভাইস প্রেসিডেন্ট' পর্যন্ত নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম, স্নাতকোত্তর অথবা চার বছরের স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন, যেখানে ব্যবসায় শিক্ষা শাখা থেকে ডিগ্রিপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর বয়স সর্বনিম্ন ৩০ বছর হতে হবে। অভিজ্ঞতার শর্ত হিসেবে ব্যাংকিং খাতে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ন্যূনতম ২ বছর শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতা এবং বর্তমানে ওই পদে কর্মরত থাকা বাধ্যতামূলক।
যোগ্যতার অতিরিক্ত বিশেষ সুবিধ হিসেবে ইসলামিক ব্যাংকিংয়ে পেশাগত সনদপ্রাপ্ত এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যারা বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এমটিও (MTO) বা পিও (PO) হিসেবে অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেয়েছেন, তারা এই পদের জন্য অধিক যোগ্য বলে বিবেচিত হবেন। নির্বাচিত প্রার্থীদের জন্য আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধার প্যাকেজ প্রদান করা হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো প্রান্তে এবং এটি একটি পূর্ণকালীন অফিস জব হবে।
নির্বাচিত শাখা ব্যবস্থাপকদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে থাকবে আমানত বৃদ্ধি, ঋণ ও বিনিয়োগ সম্প্রসারণ, বৈদেশিক বাণিজ্য এবং ফি-ভিত্তিক আয়ের মাধ্যমে ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জন করা। এছাড়া করপোরেট, রিটেইল এবং এসএমই গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক স্থাপন এবং নতুন করপোরেট ক্লায়েন্ট যুক্ত করা হবে তাদের মূল লক্ষ্য। পাশাপাশি ব্যালেন্স শিট পরিচালনা, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, অ্যাসেট কোয়ালিটি নিশ্চিতকরণ এবং ব্যাংকিং কমপ্লায়েন্স বজায় রাখতে হবে। অভ্যন্তরীণ টিমের সাথে সমন্বয় সাধন এবং শাখার কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ নেতৃত্ব প্রদান ও কাজের সঠিক বণ্টন নিশ্চিত করাও হবে এই পদের অন্যতম দায়িত্ব।




