একটি পরিবারের পাঁচ প্রজন্মের পাঁচ সদস্যের জন্ম একই তারিখে—এমন এক অভাবনীয় ঘটনার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের লোয়া শহরের একটি পরিবার। পরিবারের এই পাঁচ সদস্যের প্রত্যেকের জন্মদিনই ১৪ সেপ্টেম্বর। এই বিশেষ তালিকায় রয়েছেন উইলবার, তাঁর সন্তান অ্যাডি, নাতি ফ্রেড হারলো, এবং ফ্রেডের সন্তান এমা বেল ও আর্থার।
দীর্ঘদিন ধরে এই বিষয়টিকে পরিবারের সদস্যরা দারুণ বলে মনে করলেও, এটি যে একটি বিশ্ব রেকর্ড হতে পারে, সে কথাটি তাঁদের মাথায় আসেনি। ফ্রেড হারলো এই বিষয়ে অনুভূতি প্রকাশ করে বলেন, সন্তান আসা সবসময়ই একটি বিশেষ উপহার। একই দিনে জন্ম নেওয়ার বিষয়টি তিনি সবসময়ই ইতিবাচকভাবে দেখতেন, তবে রেকর্ড গড়ার চিন্তাটি তাঁর কখনোই করা হয়নি। তাঁর মতে, সবকিছুর পেছনেই কোনো না কোনো কারণ থাকে।
পরিবারের সদস্য এমা বেল জানান, এই অদ্ভুত মিলটি নিয়ে তাঁদের মধ্যে সব সময়ই হাসি-ঠাট্টার পরিবেশ থাকে। তবে তাঁর ছেলে আর্থারের জন্মের পর তাঁরা আনুষ্ঠানিকভাবে এই রেকর্ডের জন্য আবেদন করার সিদ্ধান্ত নেন। এমা বেল আরও উল্লেখ করেন যে, এর আগে তাঁরা জানতেন অন্য একটি পরিবারের চার প্রজন্মের জন্মদিন একই দিনে পড়ে, যা তাঁদের অনুপ্রাণিত করেছিল।
এমা বেল তাঁর দাদির একটি মজার ইচ্ছার কথা স্মরণ করে জানান, দাদি সবসময়ই চাইতেন তাঁরও একটি ছেলে ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করুক। যদিও তাঁর প্রথম সন্তান নির্দিষ্ট এই তারিখের আগেই জন্মায়, তবে আর্থারের ক্ষেত্রে সেই ইচ্ছা পূরণ হয়। সঠিক সময়ে আর্থারের জন্মই এই রেকর্ডটি পূর্ণতা দিয়েছে।
রেকর্ডটিকে আরও বিশেষ করে তুলেছে জন্মের একটি নির্দিষ্ট ধারাবাহিকতা। এমা বেল জানান, পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্য উইলবার সবার আগে ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। এরপর থেকে জন্মলগ্নের ক্রমটি ছিল—প্রথমে ছেলে, তারপর মেয়ে, এরপর ছেলে, তারপর মেয়ে এবং সবশেষে পুত্রসন্তান আর্থার। এই বিশেষ ধারাটিই তাঁদের এই অর্জনকে আরও অনন্য করে তুলেছে।




