বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও বিস্তৃতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে ধর্মপ্রাণ মানুষের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরপাক খায়—ইসলাম কীভাবে এই দুর্যোগগুলোকে ব্যাখ্যা করে? পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনা বিশ্লেষণ করলে কয়েকটি মৌলিক বিষয় সামনে আসে, যা মুমিনদের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করে।

ইসলামের মতে, দুনিয়ার জীবন মূলত পরীক্ষার জন্য। মানুষকে সুখ-সমৃদ্ধি দিয়ে যেমন পরীক্ষা করা হয়, তেমনি বন্যা, ঝড়, ভূমিকম্পের মতো বিপর্যয় দিয়েও তার ধৈর্য ও আল্লাহর প্রতি আস্থা যাচাই করা হয়। সুরা বাকারার ১৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তিনি মানুষকে ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবেন এবং ধৈর্যশীলদের সুসংবাদ দেওয়া হয়েছে। মানুষের মনে যখন প্রযুক্তি ও বিজ্ঞানের শক্তিতে অহংকার জন্মায়, তখন প্রকৃতির ক্ষুদ্রতম ঘটনাও তাকে তার সীমাবদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়। কোরআনে বলা হয়েছে, আল্লাহ নিদর্শন প্রেরণ করেন শুধু ভীতি প্রদর্শনের জন্য (সুরা ইসরা, আয়াত: ৫৯), যাতে মানুষ তার স্রষ্টার দিকে প্রত্যাবর্তন করে।

পবিত্র কোরআনের সুরা রুমের ৪১ নম্বর আয়াতে মানুষের অন্যায় কাজের কারণে স্থল ও সমুদ্রে বিপর্যয় প্রকাশ পাওয়ার কথা বলা হয়েছে, যাতে তারা তাদের কর্মের ফল ভোগ করে এবং ফিরে আসে। সমাজতাত্ত্বিক আলেমদের মতে, এই আয়াত মানুষের দুর্নীতি, সামাজিক অবিচার ও নৈতিক পতনের সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সম্পর্ক স্থাপন করে। আজকের যুগে বন উজাড়, নদী দখল, পাহাড় কাটা, জলাভূমি ভরাট—এসব মানুষের পরিবেশ-বিধ্বংসী কর্মকাণ্ডই দুর্যোগের অন্যতম কারণ। সুরা আল-আরাফের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে নিষেধ করেছেন। তাই পরিবেশ সংরক্ষণ ইসলামের দৃষ্টিতে একটি সামষ্টিক ইবাদত হিসেবে গণ্য হয়।

অতীতের জাতিগুলোর ওপর আল্লাহর শাস্তি হিসেবে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসার ঘটনা কোরআনে উল্লেখ আছে। তবে বর্তমান সময়ের কোনো নির্দিষ্ট দুর্যোগকে ‘শাস্তি’ বলার স্পষ্ট ভিত্তি নেই। মুমিনের কর্তব্য হলো ঘটনা থেকে শিক্ষা নেওয়া এবং নিজের অবস্থা সংশোধন করা।

দুর্যোগে মৃত্যুবরণকারীদের জন্য ইসলাম বিশেষ মর্যাদার ঘোষণা দিয়েছে। সহিহ বুখারির হাদিস অনুযায়ী, প্লেগ, পেটের রোগ, পানিতে ডুবে মৃত্যু, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু—এসব মৃত্যু শহীদের মর্যাদা পায়। এটি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেয়। মহানবী (সা.) ক্ষতিকর বৃষ্টি থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, যেন বৃষ্টি পাহাড়, টিলা ও বৃক্ষের ওপর পড়ে (সহিহ বুখারি, হাদিস: ১০১৩)। দুর্যোগের সময় দোয়া, ইস্তিগফার ও তওবাকে প্রধান আত্মিক উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইসলাম তকদিরে বিশ্বাসের পাশাপাশি বাস্তব প্রস্তুতির ওপর জোর দেয়। নিরাপদ ঘরবাড়ি নির্মাণ, আগাম সতর্কতা ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা জরুরি। তিরমিজির হাদিসে উট বেঁধে তারপর তাওয়াক্কুল করার উপদেশ দেওয়া হয়েছে, যা বৈজ্ঞানিক দূরদর্শিতার গুরুত্ব বোঝায়। দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম বড় দায়িত্ব। খাদ্য, চিকিৎসা, বস্ত্র ও আশ্রয়ের ব্যবস্থা করা মহান আল্লাহর কাছে প্রিয় আমল। সহিহ মুসলিমের হাদিসে বলা হয়েছে, আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। দুর্যোগকালে মানুষের কষ্ট লাঘবের চেষ্টাই ইসলামের মানবিক চেতনার প্রকৃত প্রকাশ।

শায়খুল হাদিস সাব্বির খান আযহারী উল্লেখ করেছেন, প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। মুমিনের কর্তব্য এই বার্তা থেকে শিক্ষা নিয়ে আত্মশুদ্ধি ও সমাজের কল্যাণে কাজ করা।