ডেঙ্গু প্রতিরোধে এবং এইডিস মশার বিস্তার কমাতে সবচেয়ে কার্যকর পদক্ষেপ হলো মশার প্রজননস্থলগুলো চিহ্নিত করে সেগুলো সম্পূর্ণ ধ্বংস করা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ডা. বেনজির আহমেদ এই মত ব্যক্ত করেছেন। তাঁর মতে, মশার বংশবিস্তার রোধে কেবল সিটি করপোরেশনের প্রচেষ্টা যথেষ্ট নয়, বরং সাধারণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন। তিনি ব্যাখ্যা করেন যে, সাধারণ মশা সাধারণত খালের পানি বা ড্রেনে জন্মায়, কিন্তু এইডিস মশা মূলত মানুষের রাখা বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে বংশবৃদ্ধি করে।

মশা দমনের জন্য সিটি করপোরেশনগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন এই বিশেষজ্ঞ। তিনি উল্লেখ করেন যে, এইডিস মশা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে দক্ষ কীটতত্ত্ববিদের প্রয়োজন হয়, কিন্তু বর্তমানে সিটি করপোরেশনগুলোতে এই ধরনের বিশেষজ্ঞের যথেষ্ট ঘাটতি রয়েছে। এছাড়া অপরিকল্পিত নগরায়ণের ফলে শহরের বিভিন্ন স্থানে পানি জমে থাকে, যা মশা নিয়ন্ত্রণের পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

মশা নিয়ন্ত্রণের পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীদের যথাযথ ও সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়েও জোর দিয়েছেন ডা. বেনজির আহমেদ, যাতে করে মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব হয়। এছাড়া বাড়তি পদক্ষেপ হিসেবে সীমিত আকারে ডেঙ্গু টিকার প্রয়োগের বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তিনি।