রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় একটি রেডিমিক্স মিক্সার ট্রাক পরিষ্কার করার সময় ওপর থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহতের নাম মেহেদী হাসান (২২), তিনি ট্রাকটির সহকারী হিসেবে কর্মরত ছিলেন। আজ রোববার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
সহকর্মী মিজানুর রহমান জানান, সকালে ট্রাকের ওপরের সিঁড়িতে উঠে পরিষ্কারের কাজ করছিলেন মেহেদী। একপর্যায়ে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশতই তার পড়ে যাওয়া।
ঘটনার পরপরই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
মেহেদীর গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি থানায়। তার বাবার নাম আবদুর রব। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকতেন বলে জানা গেছে।




