যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের (ইউসিএলএ) গ্রন্থাগার থেকে মূল্যবান চীনা পাণ্ডুলিপি চুরির ঘটনায় অভিযুক্তকে সাজা ঘোষণা করেছেন আদালত। ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টের বাসিন্দা ৩৯ বছর বয়সী জেফ্রি ইয়িংকে এক বছরের গৃহবন্দিত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিচার চলাকালে তিনি ইতোমধ্যে কারাগারে যে সময় কাটিয়েছেন, তা এই সাজার অংশ হিসেবে গণনা করা হবে। গত বছরের অক্টোবরে লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল আদালতে একটি ঐতিহাসিক নিদর্শন চুরির অভিযোগ স্বীকার করেন তিনি। চুরি যাওয়া সামগ্রীর ক্ষতিপূরণের পরিমাণ পরে নির্ধারিত হবে।

প্রসিকিউটরদের তথ্যানুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে ইউসিএলএর লাইব্রেরি থেকে প্রায় ২ লাখ ১৬ হাজার ডলার মূল্যের বিরল বই ও পাণ্ডুলিপি চুরি করেন ইয়িং। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ১৬৮৫ সালের একটি চীনা পাণ্ডুলিপিও রয়েছে, যার আনুমানিক মূল্য ১৬ হাজার ৭১৫ ডলার। তদন্তে বেরিয়ে আসে, তিনি প্রথমে লাইব্রেরি থেকে এসব পাণ্ডুলিপি ধার নিতেন, পরে সেগুলোর নকল কপি ফেরত দিতেন। ফেডারেল প্রসিকিউটরদের মতে, প্রতিটি চুরির কয়েক দিনের মধ্যে তিনি চীন সফরে যেতেন।

ঘটনার সূত্রপাত ইউসিএলএর ইস্ট এশিয়ান লাইব্রেরির কর্মকর্তারা কয়েকটি বিরল চীনা পাণ্ডুলিপি খুঁজে না পাওয়ায়। প্রাথমিক তদন্তে দেখা যায়, সর্বশেষ ‘অ্যালান ফুজিমোরি’ নামে পরিচয় দেওয়া এক ব্যক্তি বইগুলো ব্যবহার করেছিলেন। বিরল ও মূল্যবান হওয়ায় এসব বই সাধারণ পাঠকের জন্য উন্মুক্ত ছিল না; ধার নিতে আগে থেকে আবেদনের প্রয়োজন হতো। পরে ইউসিএলএর কর্মীরা জানান, অ্যালান ফুজিমোরি নামটি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতেও একই ধরনের চুরির ঘটনায় জড়িত ছিল। তদন্তের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইয়িংয়ের ব্রেন্টউডের হোটেলকক্ষে তল্লাশি চালিয়ে নকল পাণ্ডুলিপি ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে।

২০২৫ সালের আগস্টে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ‘অস্টিন চেন’ নামে একটি ভুয়া পরিচয়পত্র এবং ‘অস্টিন চেন’ ও ‘জেসন ওয়াং’ নামের দুটি লাইব্রেরি কার্ড উদ্ধার করা হয়। তদন্তকারীদের ধারণা, এই নামগুলো তিনি ভুয়া পরিচয় হিসেবে ব্যবহার করতেন। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট।