রাজধানীর দারুসসালামে নিজ বাসায় স্ত্রীকে গুলি করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী, তার ছেলে এবং আরেক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার সন্ধ্যায় দারুসসালাম থানার মসজিদ গলি এলাকার একটি বাসা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র্যাব-৪। আজ ভোরে দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে মো. আবদুল মান্নান ওরফে আবদুল হান্নান (৪৫), তার ছেলে মো. রাকিব (২৫) এবং সহযোগী মো. হাতিম মিয়া (২১) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন, দুটি গুলি এবং ২১৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আবদুল মান্নান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি পরিবারসহ একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। উদ্ধার করা অস্ত্রটি তিনি দারুসসালাম ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধে ব্যবহার করতেন। র্যাব জানায়, স্ত্রীর সঙ্গে মান্নানের প্রায়ই খারাপ ব্যবহার ছিল। শনিবার সন্ধ্যায় মাদক সেবন করে বাসায় ফিরে তিনি স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু করেন। একপর্যায়ে পিস্তল দিয়ে স্ত্রীকে লক্ষ্য করে গুলি করেন। এতে নারী গুরুতর আহত হন।
ঘটনার পর মান্নান তার ছেলে রাকিবের মাধ্যমে অস্ত্রটি বন্ধু হাতিম মিয়ার বাসায় রেখে দেন। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে দারুসসালাম থানা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে র্যাব-৪ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।




