মহাবিশ্বের এক বিশাল অংশ জুড়ে থাকা রহস্যময় এবং অদৃশ্য বস্তু 'ডার্ক ম্যাটার' নিয়ে নতুন এক গবেষণার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা ক্রুজের অধ্যাপক পুয়া আসাদিরের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও কানাডার একদল গবেষক এই অদৃশ্য বস্তুর জন্য একটি পৃথক পর্যায় সারণি তৈরির প্রস্তাব দিয়েছেন। প্রিপ্রিন্ট সার্ভার আর্কাইভে প্রকাশিত তাদের গবেষণাপত্রে বলা হয়েছে, দৃশ্যমান পদার্থ এবং অদৃশ্য ডার্ক ম্যাটারের মধ্যে মহাকর্ষীয় প্রভাব ছাড়াও অন্য কোনো গভীর যোগসূত্র থাকতে পারে। এই প্রস্তাবিত পর্যায় সারণিটি হবে বর্তমান সাধারণ মৌলের পর্যায় সারণির একটি প্রতিরূপ বা মিরর ইমেজ, যা সাধারণ পদার্থ ও ডার্ক ম্যাটারের মধ্যকার অনুপাত বুঝতে সহায়ক হবে।

মহাকর্ষীয় প্রভাব বিশ্লেষণ করলে দেখা যায়, দৃশ্যমান সাধারণ পদার্থের তুলনায় ডার্ক ম্যাটারের পরিমাণ প্রায় পাঁচ গুণ বেশি। আপাতদৃষ্টিতে এই পার্থক্য অনেক মনে হলেও, বিজ্ঞানীদের মতে এই দুই ধরনের পদার্থের পরিমাণ আশ্চর্যজনকভাবে কাছাকাছি। বিজ্ঞানের ভাষায় একে 'ম্যাটার কোইনসিডেন্স প্রবলেম' বা পদার্থের কাকতালীয় সমস্যা বলা হয়। গবেষকদের ধারণা, সাধারণ পদার্থ এবং ডার্ক ম্যাটার যদি কোনোভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত হয়, তবে এই মিলটি আর কাকতালীয় থাকবে না, বরং এটি তাদের অভিন্ন উৎপত্তিরই বহিঃপ্রকাশ হতে পারে। দুটি ভিন্ন জগতের শক্তির ঘনত্বের এই সামান্য ব্যবধান একটি সাধারণ উৎসের ইঙ্গিত দেয়, যা বিজ্ঞানীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি সম্ভাবনা।

তবে এই তত্ত্বের সামনে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী, ডার্ক ম্যাটারের সম্ভাব্য কণাগুলো অত্যন্ত সরল এবং সাধারণত একে একটি নির্দিষ্ট ধরনের কণা হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু পদার্থের প্রাচুর্যের এই সাদৃশ্য ব্যাখ্যা করতে হলে ডার্ক ম্যাটারের গঠন আরও জটিল হওয়া প্রয়োজন। বিজ্ঞানীদের সম্ভাবনা হলো, ডার্ক ম্যাটার কেবল একটি একক কণা নয়, বরং এটি বিভিন্ন কণা ও বলের সমন্বয়ে গঠিত একটি জগৎ, যা আমাদের পরিচিত মহাবিশ্বেরই এক ধরনের প্রতিবিম্ব।

গবেষণার তথ্য অনুযায়ী, ডার্ক নিউট্রন সাধারণ প্রোটনের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি ভারী এবং ডার্ক ম্যাটারের অধিকাংশ অংশই এই ডার্ক নিউট্রন দিয়ে গঠিত। আদি মহাবিশ্বে যদি প্রোটন ও ডার্ক নিউট্রন প্রায় সমান সংখ্যায় তৈরি হয়ে থাকে, তবে বর্তমানের এই পাঁচ গুণ পার্থক্যের বিষয়টি যৌক্তিক হয়। এছাড়া 'মিরর টুইন হিগস' তত্ত্বের মাধ্যমে বিজ্ঞানীরা বুঝিয়েছেন যে, সাধারণ পদার্থ ও ডার্ক ম্যাটার সম্পূর্ণ স্বাধীন নয়, বরং তারা একটি গাণিতিক প্রতিসাম্য দ্বারা যুক্ত। এই গাণিতিক সম্পর্কের কারণেই উভয় জগতের কণা, বল এবং আপেক্ষিক ভর একে অপরের সঙ্গে সম্পর্কিত হতে পারে।