প্রতিদিন অসংখ্য ব্যবহারকারী চ্যাটজিপিটিতে নানা বিষয়ে আলোচনা করেন। এই কথোপকথনগুলোর মধ্যে কিছু পরে আর প্রয়োজন হয় না, আবার কিছু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভবিষ্যতে কাজে লাগার জন্য। এই কারণে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় চ্যাট মুছে ফেলার পাশাপাশি গুরুত্বপূর্ণ আলোচনা সংরক্ষণের জন্য আর্কাইভ করার সুবিধা দিয়ে থাকে। তবে চ্যাট মুছে ফেলার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ একবার মুছে ফেলা হলে সেই চ্যাট আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব নয়।

ওপেনএআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মুছে ফেলা চ্যাট ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, পরবর্তী ৩০ দিনের মধ্যে সেই চ্যাট সিস্টেম থেকেও স্থায়ীভাবে বিলুপ্ত হয়ে যায়। ফলে চ্যাটজিপিটির ইন্টারফেস বা ওপেনএআইয়ের সহায়তা দলের মাধ্যমে কোনোভাবেই মুছে ফেলা কথোপকথন পুনরুদ্ধার করা যায় না। 'ডিলিট অল চ্যাটস' অপশন ব্যবহার করে একসাথে সব কথোপকথন মুছে ফেললেও একই নিয়ম প্রযোজ্য।

যেসব আলোচনা ভবিষ্যতে দরকার হতে পারে বলে মনে হয়, সেগুলো মুছে ফেলার বদলে আর্কাইভ করে রাখাই শ্রেয়। আর্কাইভ করতে চাইলে সংশ্লিষ্ট চ্যাটের পাশে থাকা তিনটি ডট চিহ্নে ক্লিক করে 'আর্কাইভ' নির্বাচন করতে হবে। আর্কাইভ করা চ্যাট অ্যাকাউন্টে দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকে। অর্থাৎ, আর্কাইভ করলে চ্যাটটি শুধুমাত্র নিয়মিত তালিকা থেকে সরিয়ে রাখা হয়, যা চাইলে পরে আবার মূল তালিকায় ফিরিয়ে আনা সম্ভব।

চ্যাটজিপিটিতে গুগল ড্রাইভ, জিমেইল বা ক্যালেন্ডারের মতো সংযুক্ত অ্যাপের তথ্য ব্যবহার করে কোনো কথোপকথন করার পর সেই চ্যাট মুছে ফেলা হলে, সংশ্লিষ্ট অ্যাপের তথ্যও চ্যাটজিপিটির অ্যাকাউন্ট থেকে মুছে যায়। তবে কোনো অ্যাপের সংযোগ বিচ্ছিন্ন করলে ওই অ্যাপের মূল তথ্য মুছে যায় না। ফলে সেই অ্যাপের তথ্য ব্যবহার করে তৈরি করা কথোপকথনটি দেখা যায়।

আর্কাইভ করা চ্যাট পুনরুদ্ধার করতে চাইলে চ্যাটজিপিটির সেটিংস থেকে 'ডেটা কন্ট্রোলস'-এ যেতে হবে। সেখানে 'আর্কাইভড চ্যাটস' বা 'ভিউ আর্কাইভড চ্যাটস' অপশনে ক্লিক করলে সমস্ত আর্কাইভ করা কথোপকথন দেখা যাবে। প্রয়োজনীয় চ্যাটটি 'আনআর্কাইভ' করে সহজেই আবার মূল চ্যাট তালিকায় ফিরিয়ে আনা যাবে। যদি কোনো কারণে প্রায়োজনীয় চ্যাট খুঁজে পাওয়া না যায়, তবে চ্যাটজিপিটি রিফ্রেশ করা বা অ্যাকাউন্ট থেকে লগআউট করে আবার লগইন করার পরামর্শ দেওয়া হয়েছে।