রোববার সকালে সচিবালয়ে অবস্থিত সরকারপ্রধানের কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি ছিল মূলত রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও বাড়ানো এবং উন্নয়ন সহযোগিতার সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এর পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধান এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয় বৈঠকে।

অন্যদিকে, বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় চীনের নিরবচ্ছিন্ন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে বাংলাদেশ ও চীনের মধ্যকার কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে।

সাক্ষাৎকার চলাকালীন প্রধানমন্ত্রীর পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চীনা প্রতিনিধি দলের পক্ষ থেকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।