ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। ব্যাংকের বর্তমান প্রবৃদ্ধি ও রূপান্তরের এই সন্ধিক্ষণে শক্তিশালী সুশাসন এবং কৌশলগত তদারকি নিশ্চিত করতে তাঁর নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। এই নিয়োগের কথা জানিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, গবেষণা, শিক্ষা ও নীতিনির্ধারণী বিষয়ে ড. রাজ্জাকের সমৃদ্ধ অভিজ্ঞতা ব্যাংকের বোর্ডকে আরও শক্তিশালী করবে। তিনি বিশ্বাস করেন, রাজ্জাকের দিকনির্দেশনা ব্যাংকের সুশাসনকাঠামো মজবুত করতে এবং স্টেকহোল্ডারদের দীর্ঘমেয়াদি সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনীতি, গবেষণা এবং জননীতি বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ঢাকাভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান 'রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টেগ্রেশন ফর ডেভেলপমেন্ট'-এর চেয়ারম্যান এবং 'পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ'-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে তিনি দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো 'হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি'। সেখানে তিনি গ্লোবাল অ্যাডভোকেসি এবং বাণিজ্যনীতির নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন এবং বর্তমানে ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের খণ্ডকালীন অধ্যাপক হিসেবে যুক্ত আছেন।
তাঁর পেশাগত অভিজ্ঞতার পরিধি অত্যন্ত বিস্তৃত। তিনি দক্ষিণ এশিয়া, সাব-সাহারা আফ্রিকা এবং ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি নিয়ে নানা গবেষণা ও কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর গ্রহণযোগ্যতার প্রমাণ মেলে জি-২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপ এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডস ও হাউস অব কমন্সের সামনে তাঁর কারিগরি উপস্থাপনা ও সাক্ষ্য প্রদানের মাধ্যমে।
বাংলাদেশে উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবিলায় ড. রাজ্জাক দীর্ঘকাল ধরে নীতি বিশ্লেষণ ও জননীতি সংলাপে সক্রিয়। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি, সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সংস্কার, আর্থিক অন্তর্ভুক্তি, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং শ্রমবাজারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক ও জাতিসংঘের বিভিন্ন গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। প্রবাসীদের রেমিট্যান্স, দারিদ্র্য বিমোচন এবং সামষ্টিক অর্থনৈতিক বিষয়াবলি তাঁর গবেষণার মূল কেন্দ্রবিন্দু। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার অব সোশ্যাল সায়েন্স এবং যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তাঁর লেখা বিভিন্ন বই, পলিসি পেপার এবং জার্নাল আর্টিকেল প্রকাশিত হয়েছে।




