জেফ বেজোসের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিনের শক্তিশালী রকেট 'নিউ গ্লেন'-এর পরবর্তী উৎক্ষেপণ এখন ২০২৭ সালের জানুয়ারির আগে সম্ভব নয়। এর আগে চলতি বছরের মে মাসে উৎক্ষেপণ প্যাডে পরীক্ষার সময় এই রকেটে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। সেই ঘটনার পর কোম্পানির প্রধান নির্বাহী দ্রুত মেরামতের প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছিলেন যে, বছরের শেষেই পুনরায় উৎক্ষেপণ করা হবে। তবে বাস্তব পরিস্থিতি এখন ভিন্ন।
প্রযুক্তিবিষয়ক নিউজ সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ফ্লোরিডায় অবস্থিত ব্লু অরিজিনের মূল অবকাঠামো ও উৎক্ষেপণ প্যাডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ওই বিস্ফোরণে, যার ফলে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সিইও ডেভ লিম্প সম্প্রতি কর্মীদের পাঠানো একটি অভ্যন্তরীণ নোটে জানিয়েছেন, মেরামতের সময়সীমা আরও পিছিয়ে গেছে। লিম্প এই বিলম্বের পেছনে মূল কারণ হিসেবে বৈরী আবহাওয়ার কথা উল্লেখ করেছেন।
তবে আশার কথা এই যে, মেরামতের কিছু গুরুত্বপূর্ণ অংশ ইতিমধ্যেই শেষ হয়েছে। অভ্যন্তরীণ স্মারকে জানানো হয়েছে, 'লঞ্চ ব্রিজ'-এর কাজ সম্পন্ন হয়েছে এবং 'ভেহিকল অ্যাক্সেস টাওয়ার' মেরামত করে পুনরায় স্থাপন করা হয়েছে। প্রকৌশলী ও কর্মীদের প্রচেষ্টাকে প্রশংসা করে লিম্প বলেন, যে কাজ শেষ করতে অনেকের মতে কয়েক বছর সময় লাগত, 'টিম ব্লু' তা মাত্র ছয় মাসের মধ্যে সম্পন্ন করে দেখিয়েছে।
চূড়ান্ত অনুমতি পেলেই মহাকাশ গবেষণার প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও মজবুত করতে প্রস্তুত ব্লু অরিজিন। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে করা একটি চুক্তি, যার লক্ষ্য হলো মঙ্গল গ্রহের জন্য বিশেষ টেলিযোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা। এছাড়া অ্যামাজনের 'লিও' স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম কক্ষপথে পৌঁছে দিতে নিউ গ্লেন রকেটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




