অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের নির্দিষ্ট সম্মতি ছাড়াই তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও অ্যাক্সেস করার অপরাধে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো (প্রায় ৮৮৭ মিলিয়ন ডলার) জরিমানা করেছে ইতালির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ। ইতালীয় নিয়ন্ত্রক সংস্থার দাবি, ফেসবুক অ্যাপের একটি বিশেষ ফিচারের মাধ্যমে প্রায় ২ কোটি ব্যবহারকারীর ছবি ও ভিডিওর অ্যাক্সেস নেওয়া হয়েছিল, যা সম্পর্কে ব্যবহারকারীদের সঠিকভাবে অবহিত করা হয়নি।

তদন্তে দেখা গেছে, ব্যবহারকারীর ফোনের গ্যালারি থেকে পোস্ট করার জন্য ছবি ও ভিডিওর পরামর্শ দেওয়ার একটি ফিচারের মাধ্যমে এই ঘটনাটি ঘটেছে। ফেসবুক পুরো অ্যাপের জন্য একটি সাধারণ অনুমতির মাধ্যমে গ্যালারির অ্যাক্সেস চেয়েছিল। তবে ইতালীয় নিয়ন্ত্রক সংস্থার মতে, প্রাথমিক নোটিসে এটি স্পষ্ট করা হয়নি যে, এই অনুমতির ফলে ফেসবুক গ্যালারির ছবির ওপর ভিত্তি করে পোস্টের পরামর্শ তৈরি করতে পারবে।

জরিমানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাটি বিপুল সংখ্যক মানুষের প্রভাবিত হওয়া এবং যারা অ্যাপ আপডেট করেননি বা ইতিমধ্যে সম্মতি দিয়েছেন তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি চলমান থাকার বিষয়টি বিবেচনা করেছে। এছাড়া মেটা কর্তৃপক্ষের অসহযোগিতাকেও জরিমানার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইতালির ইতিহাসে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর আরোপিত অন্যতম বৃহত্তম জরিমানা এটি। এই সমস্যা সমাধানে মেটাকে আগামী ৬০ দিনের মধ্যে ডিফল্টভাবে ওই ফিচারটি বন্ধ করতে এবং ব্যবহারকারীদের কাছ থেকে আলাদাভাবে সম্মতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মেটার একজন মুখপাত্র বিবিসি-কে জানিয়েছেন, তারা নিয়ন্ত্রক সংস্থার তথ্যের মূল্যায়ন, আইনের প্রয়োগ এবং জরিমানার অসামঞ্জস্যপূর্ণ পরিমাণের সাথে একমত নন। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন। মেটার দাবি, এটি একটি সাধারণ ফিচার যা মানুষকে ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট করতে সাহায্য করে। এটি কার্যকর করার আগে ডিভাইসে অনুমতি দিতে হয় এবং ব্যবহারকারীরা যেকোনো সময় সেটিংস থেকে এই অনুমতি পরিবর্তন করতে পারেন।

উল্লেখ্য, গত মাসেও মেটা তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সর্বকালের সর্বোচ্চ জরিমানার মুখে পড়েছিল। নিউ মেক্সিকোর একজন মার্কিন বিচারক ফেসবুক ব্যবহারকারীর ডেটা হ্যান্ডলিং নিয়ে দীর্ঘকাল ধরে জনগণকে মিথ্যা বলার দায়ে কোম্পানিটিকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করার নির্দেশ দিয়েছিলেন।