ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের পক্ষ থেকে ৮৮৭ মিলিয়ন ডলারের বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত গ্যালারিতে থাকা ছবি এবং ভিডিওতে তাদের স্পষ্ট অনুমতি ছাড়াই প্রবেশাধিকার নেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতালির নিয়ন্ত্রক সংস্থার মতে, মেটা ব্যবহারকারীদের যথাযথভাবে অবহিত না করেই এই ব্যক্তিগত তথ্যের সুযোগ গ্রহণ করেছে, যা দেশটির তথ্য সুরক্ষা আইনের লঙ্ঘন।

তদন্তে দেখা গেছে, ফেসবুক অ্যাপের একটি বিশেষ ফিচারের মাধ্যমে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে সংরক্ষিত ছবি ও ভিডিওতে অ্যাক্সেস পেয়েছিল প্রতিষ্ঠানটি। এই ফিচারটির মূল উদ্দেশ্য ছিল গ্যালারির ছবি বিশ্লেষণ করে ব্যবহারকারীদের নতুন পোস্ট করার ব্যাপারে পরামর্শ প্রদান করা। ফেসবুক অ্যাপটি একবার ফোনের গ্যালারিতে প্রবেশের অনুমতি চাইলেও, সেই নোটিশে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ফলে ব্যবহারকারীরা বুঝতে পারেননি যে, তাদের দেওয়া এই অনুমতির মাধ্যমে মেটা তাদের ছবি বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছে।

ইতালির নিয়ন্ত্রক সংস্থা মেটাকে আগামী ৬০ দিনের মধ্যে এই বিতর্কিত ফিচারটি সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দিয়েছে। বিশেষ করে, ফিচারটি যেন স্বয়ংক্রিয়ভাবে চালু না থাকে এবং ভবিষ্যতে গ্যালারির ছবি বা ভিডিও ব্যবহারের আগে ব্যবহারকারীর কাছ থেকে আলাদাভাবে এবং স্পষ্টভাবে সম্মতি নিতে হবে। জরিমানার অংক নির্ধারণে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা এবং বর্তমান সময়েও ফিচারটি সক্রিয় থাকার বিষয়টি গুরুত্ব দিয়েছে। জানা গেছে, যারা অ্যাপ আপডেট করেননি অথবা আগে সম্মতি দিয়েছিলেন, তাদের ক্ষেত্রে এই ফিচারটি এখনো কার্যকর। এছাড়া তদন্ত চলাকালীন মেটা কর্তৃপক্ষের অসহযোগিতার বিষয়টিও জরিমানার পেছনে বড় কারণ হিসেবে কাজ করেছে।

২০২৫ সালে শুরু হওয়া এই তদন্তে ব্যবহারকারীদের ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়নি; তবে মেটা এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। এর পাশাপাশি ২০২৬ সালে চালু হওয়া মেটার আরেকটি ক্লাউড প্রসেসিং ফিচারের বিষয়েও আলাদাভাবে পর্যালোচনার কথা জানিয়েছে ইতালির সংস্থাটি।

উল্লেখ্য, মেটার এই আইনি জটিলতা নতুন কিছু নয়। গত অক্টোবরেই ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনায় জনসাধারণকে বিভ্রান্ত করার দায়ে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত প্রতিষ্ঠানটিকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করার নির্দেশ দেয়। ওই মামলার সূত্রপাত হয়েছিল কেমব্রিজ অ্যানালিটিকা নামক একটি ব্রিটিশ রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে, যারা ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারে ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই লাখো মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল বলে অভিযোগ রয়েছে।