বিশ্বজুড়ে জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর ‘গোল্ডেন’ গানের মাধ্যমে খ্যাতি পাওয়া সংগীতশিল্পী ও গীতিকার ইজে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সংগীত প্রযোজক ও গীতিকার স্যাম কিমকে। দক্ষিণ কোরিয়ার সিউলে গত শনিবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের এই বিয়ে সম্পন্ন হয়, যা সোমবার ‘ভোগ’-এর এক সাক্ষাৎকারে প্রকাশ করা হয়েছে।
সিউলের গাংডং এলাকার ‘স্টেজ ২৮’ নামক খোলা আকাশের নিচে এই বিয়ের আয়োজন করা হয়। ইজের জন্য এই স্থানটি অত্যন্ত আবেগঘন ও স্মৃতিবিজড়িত; কারণ এখানে একসময় তাঁর নানা, প্রখ্যাত কোরীয় অভিনেতা শিন ইয়ং-কিউনের বসতবাড়ি ছিল। এছাড়া তাঁর বড় ভাইয়ের বিয়েও এই নির্দিষ্ট স্থানেই অনুষ্ঠিত হয়েছিল।
দম্পতিটি প্রাথমিকভাবে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিয়ের পরিকল্পনা করেছিলেন। তবে পরবর্তীতে তাঁরা সিদ্ধান্ত পরিবর্তন করে দক্ষিণ কোরিয়ায় বিয়ের সিদ্ধান্ত নেন এবং তারিখটি আরও এগিয়ে আনেন। ‘কে-পপ ডেমন হান্টার্স’ সিনেমার অভাবনীয় সাফল্য এবং এর প্রচারণামূলক ব্যস্ততার কারণে আগে তাঁদের বিয়ের পরিকল্পনা পিছিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত মাত্র চার মাসের প্রস্তুতিতে তাঁরা এই বিয়ের আয়োজন সম্পন্ন করেন।
২০১৭ সালের মে মাসে একটি গানের প্রজেক্টের কাজ করতে গিয়ে ইজে ও স্যাম কিমের প্রথম পরিচয় হয়। পেশাগত সহকর্মী হিসেবে শুরু হওয়া তাঁদের এই সম্পর্কটি পরবর্তীতে প্রেমে পরিণত হয় এবং ২০২৫ সালের জুনে তাঁরা বাগদান করেন। বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে কোরীয় ঐতিহ্যের ‘পেবেক’ রীতি পালন করা হয়, যেখানে নবদম্পতি পরিবারের বয়োজ্যেষ্ঠদের সামনে নত হয়ে আশীর্বাদ গ্রহণ করেন।
ক্যারিয়ারের শুরুতে ইজে এসএম এন্টারটেইনমেন্টের প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে তিনি কে-পপ সংগীতের একজন প্রভাবশালী গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেন। রেড ভেলভেটের ‘সাইকো’ এবং এসপার ‘ড্রামা’ ও ‘আর্মাগেডন’-এর মতো জনপ্রিয় গানের পেছনে তাঁর অবদান রয়েছে। তবে সবচেয়ে বড় সাফল্য আসে ‘কে-পপ ডেমন হান্টার্স’ সিনেমার ‘গোল্ডেন’ গানের মাধ্যমে, যার কণ্ঠশিল্পী ও সহ-গীতিকার ছিলেন ইজে। এই গানটির জন্য ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ভিজ্যুয়াল মিডিয়ার সেরা গানের পুরস্কার জয় করেন তিনি।




