যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন অস্ট্রেলীয় মডেল, ফ্যাশন ডিজাইনার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাহারা রে। তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর। গত সোমবার মার্কিন বিনোদন সংবাদমাধ্যম টিএমজেড এই মৃত্যুর খবরটি প্রকাশ করে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাহারার শেষ মুহূর্তগুলোতে তারা সবাই তাঁর পাশে ছিলেন এবং তিনি পরিবারের সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।

মৃত্যুর সঠিক কারণ নিয়ে পরিবারের পক্ষ থেকে প্রথমে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও পেজ সিক্সের প্রতিবেদনে একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে যে, ফেন্টানিল নামক এক শক্তিশালী মাদকজাতীয় ব্যথানাশকের অতিরিক্ত মাত্রার কারণে তাঁর মৃত্যু হয়েছে। জানা গেছে, গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়। অবশেষে গত রোববার পরিবারের সম্মতিতে জীবনরক্ষাকারী ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্যের কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি এবং ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছিল কি না তা এখনও অস্পষ্ট।

ব্যক্তিগত জীবনে সাহারা সম্প্রতি মাতৃত্বের আনন্দে মগ্ন ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি তাঁর কন্যাসন্তান 'স্নো'-র জন্ম দেন। গত ১৯ জুলাই ইনস্টাগ্রামে মেয়ের ছবি পোস্ট করে ভালোবাসার কথা লিখেছিলেন তিনি, যা তাঁর শেষ পোস্ট হিসেবে রয়ে গেছে। অনুসারীরা এখন সেই পোস্টের নিচে আবেগঘন মন্তব্য করছেন।

শারীরিক অসুস্থতার এক দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন সাহারা। ২০২৪ সালে তিনি জানান, তিনি গিয়াঁ-বারে সিনড্রোম নামক এক বিরল স্নায়বিক রোগে আক্রান্ত। ওই বছরের এপ্রিলে এক মদ্যপ চালকের গাড়ি ধাক্কায় গুরুতর আহত হন তিনি, যার ফলে তাঁর শরীরের নিচের অংশের অনুভূতি ও চলাচলের ক্ষমতা হারিয়ে যায়। এক পর্যায়ে তাঁকে হুইলচেয়ার ও হাঁটার সহায়ক সরঞ্জামের ওপর নির্ভর করতে হয়। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম সেভেন নিউজে তিনি তাঁর এই কঠিন সময় এবং পুনর্বাসনের অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন।

শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও আসক্তির বিরুদ্ধেও লড়াই করেছিলেন তিনি। ২০২১ সালের ডিসেম্বরে মাদক ও অ্যালকোহলনির্ভরতা থেকে মুক্তি পেতে ৩০ দিনের একটি পুনর্বাসন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সাহারা, যার কথা তিনি অনুসারীদের জানিয়েছিলেন।

পেশাগত জীবনে তিনি ২০১৪ সালে 'সাহারা রে সুইম' নামে নিজস্ব সুইমওয়্যার ব্র্যান্ড চালু করেন। ২০১৬ সালে পপতারকা জাস্টিন বিবারের সাথে হাওয়াইয়ে ছুটি কাটানোর ছবি সামনে আসায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়, যদিও তাঁদের সম্পর্কের বিষয়টি কখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এর আগে সংগীতশিল্পী কোডি সিম্পসনের সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন উঠেছিল।

সাহারার মা গ্রেচেন বাখ তাঁর মেয়েকে অত্যন্ত দয়ালু, আবেগপ্রবণ এবং ভালোবাসায় পরিপূর্ণ মানুষ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, পরিবার, ফ্যাশন, সার্ফিং এবং তাঁর ছোট্ট মেয়ে স্নো-ই ছিল সাহারার পুরো পৃথিবী। শৈশবের অনেকটা সময় অস্ট্রেলিয়া, ক্যালিফোর্নিয়া ও হাওয়াইয়ে কাটানো সাহারা বাবার সূত্রে সার্ফিংয়ের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন।