যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে এক অভাবনীয় কীর্তি গড়ল খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘কনাগ্রা ব্র্যান্ডস’। প্রতিষ্ঠানটি তৈরি করেছে বিশ্বের দীর্ঘতম মাংসের স্ন্যাকস, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে। জনপ্রিয় স্ন্যাকস ‘স্লিম জিম’-এর একটি বিশাল সংস্করণ তৈরি করা হয়েছে, যার মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৪২৯ ফুট ৫ দশমিক ৪ ইঞ্চিতে। দৈর্ঘ্যের দিক থেকে এটি প্রায় একটি ফুটবল মাঠের সমান।
কনাগ্রা ব্র্যান্ডসের বিশেষ দল ‘ব্লেজ ক্রু’ এই চ্যালেঞ্জিং প্রকল্পটি বাস্তবায়ন করেছে। তারা জানিয়েছেন, স্ন্যাকসটির আকার বিশাল হলেও এর মূল স্বাদ এবং রান্নার প্রণালী যেন সাধারণ ছোট স্লিম জিমের মতোই থাকে, সেটি নিশ্চিত করতে তারা কঠোর পরিশ্রম করেছেন। মজার বিষয় হলো, এই নতুন রেকর্ডটি আগের বিশ্ব রেকর্ডের চেয়ে প্রায় ১১৬ ফুট বেশি দীর্ঘ।
বিশাল আকারের কারণে স্ন্যাকসটিকে সাধারণ কোনো পাত্রে রাখা সম্ভব ছিল না। তাই প্রথমে এটিকে একটি বৃহৎ তারের চাকায় পেঁচিয়ে রাখা হয় এবং পরবর্তীতে অনেকগুলো টেবিলের ওপর লম্বালম্বিভাবে সাজানো হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন বিচারক স্বয়ং উপস্থিত থেকে ফিতার মাধ্যমে এর দৈর্ঘ্য পরিমাপ করেন এবং আনুষ্ঠানিকভাবে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি প্রদান করেন।
প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জেস সোয়েলি এই সাফল্য প্রসঙ্গে বলেন, এই রেকর্ডটি তাদের দলের সৃজনশীলতা, অসাধারণ দক্ষতা এবং নিরলস চেষ্টার ফসল। কর্মীদের কাজের প্রতি ভালোবাসা এবং নিষ্ঠাকে একটি বৈচিত্র্যময় ও স্মরণীয় উপায়ে উদযাপন করার লক্ষ্যেই তারা এই ভিন্নধর্মী পথ বেছে নিয়েছিলেন। কনাগ্রার কারখানায় এই দীর্ঘতম স্ন্যাকসটি উন্মোচনের পর এর বড় একটি অংশ সেখানে উপস্থিত কর্মীদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।




