দেশজুড়ে গ্রাহকদের জন্য গাড়ি কেনার প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে বিওয়াইডি বাংলাদেশের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এই নতুন চুক্তির ফলে এখন থেকে যারা বিওয়াইডির গাড়ি কিনতে আগ্রহী, তারা ইউসিবি থেকে আকর্ষণীয় সুদে 'অটো লোন' সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়া ঋণের আবেদন প্রক্রিয়াকরণে বিশেষ গতি আনা হবে এবং দ্রুত অর্থ ছাড় নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু বিওয়াইডি মডেলের গাড়ির ক্ষেত্রে গ্রাহকরা বিশেষ অর্থায়ন সুবিধা এবং অতিরিক্ত অফার উপভোগ করতে পারবেন। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এই বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়, যা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ইউসিবি।
চুক্তি অনুষ্ঠানে সই করেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান এবং বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান। অনুষ্ঠানে ইউসিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন এসইভিপি ও সিআরএমডি (রিটেইল ও এসএমই) প্রধান এস এম মইনুল হোসেন, ইভিপি ও ঢাকা মেট্রো অঞ্চলের প্রধান মাসুদুর রহমান সোনামত এবং প্রোডাক্ট বিভাগের ইভিপি আহমেদ মাসুদুল গনি। অন্যদিকে, বিওয়াইডি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, প্রধান অর্থ কর্মকর্তা ফেরদৌস-উর রহমান, বিজনেস ডেভেলপমেন্ট প্রধান মিথুন ভট্টাচার্য এবং সেলস বিভাগের প্রধান ফাহমিদ ফেরদৌস পুলক। দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়।




