পরিবেশ রক্ষা, সামাজিক দায়বদ্ধতা এবং সুশাসনের (ইএসজি) ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। প্রতিযোগিতার ‘এক্সিলেন্স ইন সাসটেইনেবল প্রোডাক্ট ইনোভেশন’ শ্রেণিতে এই বিশেষ সম্মাননা লাভ করে তারা।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিকাশের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এই তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য যে, ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ এবং ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ যৌথভাবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

পুরস্কার প্রদানের এই ইভেন্টে মোট ২০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কার্বন নিঃসরণ কমানো, পানি ব্যবস্থাপনা, জ্বালানি রূপান্তর, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, লিঙ্গসমতা, শ্রমিকদের কল্যাণ, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও স্বাস্থ্য, দক্ষতা বৃদ্ধি, সাসটেইনেবিলিটি রিপোর্টিং এবং ডিজিটাল উদ্ভাবন ও পণ্যের উৎকর্ষতা।

পুরস্কার প্রাপ্তির পর শেখ মো. মনিরুল ইসলাম বলেন, বিকাশ ইএসজি চর্চাকে কোনো বিচ্ছিন্ন প্রজেক্ট বা আলাদা কর্মসূচি হিসেবে দেখে না; বরং এটি তাদের প্রবৃদ্ধি এবং প্রতিটি উদ্ভাবনের মূল চালিকাশক্তি। তিনি আরও উল্লেখ করেন যে, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো সম্ভব, অন্যদিকে পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায়, আর এই পুরস্কার সেই প্রচেষ্টারই প্রতিফলন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।