বিলাসবহুল ঘড়ির বাজারে এখন নতুন এক প্রতিযোগিতার সূচনা হয়েছে। ক্রেতারা এখন দামি ঘড়ি কেনার আগে কোন ব্র্যান্ডটি সেরা, ভবিষ্যতে কোনটির মূল্য বাড়বে কিংবা কোথায় অর্থের সঠিক মূল্যায়ন পাওয়া যাবে—এই ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সহায়তা নিচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নকশা, মান ও দাম নির্ধারণে ক্রেতাদের এআই-নির্ভরতা বৃদ্ধি পাওয়ায় প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং বিক্রেতাদের তাদের ব্যবসায়িক কৌশল নতুন করে সাজাতে হচ্ছে। আগে যেখানে তারকাদের প্রচারণা বা বিশেষজ্ঞদের মতামতের ওপর ভিত্তি করে কেনাকাটা হতো, এখন সেখানে এআই-এর সুপারিশ প্রধান হয়ে উঠছে।
বেইন অ্যান্ড কোম্পানি এবং ফ্রান্সের কমিতে কোলবার্টের এক যৌথ গবেষণায় দেখা গেছে, যারা বিলাসপণ্যে অধিক অর্থ ব্যয় করেন, তাদের মধ্যে এআই ব্যবহারের প্রবণতা বেশি। সামগ্রিকভাবে বিলাসপণ্যের ক্রেতাদের ২৮ শতাংশ এই প্রযুক্তি ব্যবহার করছেন। হাবলট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়েন তোরনারে উল্লেখ করেন যে, মানুষ এখন গুগলের পরিবর্তে সরাসরি এআই-এর মতামত গ্রহণ করছে। অন্যদিকে, ট্যাগ হিউয়ার-এর প্রধান বিপণন কর্মকর্তা জর্জ সিজ মনে করেন, এআই-এর কারণে পণ্যের যেকোনো ত্রুটি দ্রুত ক্রেতাদের সামনে চলে আসছে, যা প্রস্তুতকারকদের আরও নিখুঁত পণ্য তৈরির চাপে ফেলছে।
তবে এআই-এর সুপারিশের প্রকৃতি নিয়ে বিশেষজ্ঞদের ভিন্নমত রয়েছে। ডিজিটাল লাক্সারি গ্রুপের কৌশলবিষয়ক পরিচালক ডমিনিক উইয়ারের মতে, এআই স্বাধীনভাবে কোনো ব্র্যান্ডকে সেরা ঘোষণা করে না, বরং ইন্টারনেটে বিদ্যমান বিশেষজ্ঞদের মতামত ও দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ধারণাকেই পুনরায় উপস্থাপন করে। উদাহরণস্বরূপ, রোলেক্স দীর্ঘদিন ধরে আলোচিত ব্র্যান্ড হওয়ায় এআই একে প্রথম অবস্থানে রাখে। তবে প্রশ্নের ধরন অনুযায়ী সুপারিশ পরিবর্তিত হয়; যেমন বিনিয়োগের কথা বললে প্যাটেক ফিলিপ-এর নাম সামনে আসে, আবার নির্দিষ্ট বাজেটের মধ্যে টিউডর বা টিসোর মতো ব্র্যান্ডের কথা বলা হয়।
এই প্রবণতা বড় ব্র্যান্ডগুলোর জন্য সুযোগ তৈরি করলেও ছোট ও স্বাধীন প্রস্তুতকারকদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। ফসিল গ্রুপের আন্তোনিও ক্যারিয়েরো জানান, যেসব ব্র্যান্ডের ডিজিটাল তথ্য পর্যাপ্ত ও সুবিন্যস্ত, তারা এআই-এর যুগে বেশি প্রভাবশালী হবে। ফলে শুধু গুণগত মান বজায় রাখলেই চলবে না, ডিজিটাল মাধ্যমে পণ্যের ইতিহাস ও কারিগরি বৈশিষ্ট্য বিস্তারিতভাবে উপস্থাপন করা এখন অপরিহার্য হয়ে পড়েছে।
এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে এলভিএমএইচ-এর মতো বড় গোষ্ঠী ইতিমধ্যেই তাদের ৮০০ জনের বেশি ব্যবস্থাপককে এআই প্রশিক্ষণ দিয়েছে। ভবিষ্যতে 'এজেন্টিক এআই'-এর উত্থান এই খাতকে আরও বদলে দিতে পারে, যা কেবল পরামর্শই দেবে না বরং ক্রেতার বাজেট অনুযায়ী ঘড়ি খোঁজা, দাম তুলনা করা এবং কেনাকাটার প্রক্রিয়া সম্পন্ন করার মতো কাজও করতে পারবে।
তবে এআই-এর প্রভাব বাড়লেও দামি ঘড়ি কেনার ব্যক্তিগত ও আবেগঘন অভিজ্ঞতা পুরোপুরি শেষ হবে না বলে মনে করেন ওয়াচেস অব সুইজারল্যান্ড গ্রুপের ই-কমার্স পরিচালক ইয়ান ওয়ারউইক। তিনি জানান, ক্রেতারা এখনো দোকানে গিয়ে ঘড়ি পরখ করতে পছন্দ করেন। তবে অনলাইন বিক্রির ক্ষেত্রে এখন আর কেবল 'কিওয়ার্ড'-এর ওপর নির্ভর না করে, ক্রেতারা এআই-কে কী প্রশ্ন করতে পারেন সেই অনুযায়ী তথ্যের বিন্যাস করা হচ্ছে। এছাড়া ব্যবহৃত ঘড়ির বাজারে দামের স্বচ্ছতা বাড়ায় প্রস্তুতকারকদের এখন পণ্যের যৌক্তিক মূল্য প্রমাণ করার বাড়তি চাপ নিতে হচ্ছে।




