আমেরিকার গ্রোসারি দোকানগুলোতে বর্তমানে 'বীজতৈলমুক্ত' (seed-oil-free) লেবেলযুক্ত খাবারের জয়জয়কার। NielsenIQ-এর তথ্য অনুযায়ী, গত এক বছরে এই ধরণের খাদ্যের পেছনে ১ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছেন মার্কিন নাগরিকরা। এই সময়ের মধ্যে বীজতৈলমুক্ত পণ্যের বিক্রি ৬০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে সাধারণ পণ্যের প্রবৃদ্ধি ছিল মাত্র ২.৬ শতাংশ। তবে এই ক্রমবর্ধমান জনপ্রিয়তার বিপরীতে অনেক খাদ্য ও পুষ্টি বিজ্ঞানী মনে করছেন, এই পণ্যগুলো যে অধিক স্বাস্থ্যকর, তার কোনো শক্ত প্রমাণ নেই। বরং বীজতৈল মানুষের শরীরের জন্য ক্ষতিকর নয় বলে তারা দাবি করছেন। সাধারণত ক্যানোলা, ভুট্টা, সূর্যমুখী এবং সাফফ্লাওয়ারের মতো ফসলের বীজ থেকে এই তেলগুলো তৈরি করা হয়। বর্তমানে বিভিন্ন অনলাইন ইনফ্লুয়েন্সার এবং কোম্পানিগুলো বীজতৈলের বিকল্প হিসেবে অলিভ অয়েল, অ্যাভোকাডো, নারকেল তেল এবং প্রাণিজ চর্বি যেমন মাখন, লার্ড বা গরুর চর্বির (beef tallow) কথা প্রচার করছেন। এই প্রবণতার দিকে নজর দিয়েছে বড় কোম্পানিগুলোও। উদাহরণস্বরূপ, লে’স এবং টোস্টিটোস-এর নির্মাতা প্রতিষ্ঠান পেপসিকো ২০২৫ সালে ঘোষণা করেছে যে, তারা ক্যানোলা ও সয়াবিন তেলের বদলে অ্যাভোকাডো ও অলিভ অয়েলের ব্যবহার বাড়াবে। এই পরিবর্তনের পেছনে মার্কিন স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের লক্ষ্যমাত্রা পূরণের প্রভাব রয়েছে বলে মনে করা হয়।

ফ্লোরিডাভিত্তিক 'সিড অয়েল ফ্রি অ্যালায়েন্স' নামক সংস্থাটি এই পণ্যগুলোতে একটি বিশেষ সার্টিফিকেশন সিল প্রদান করে থাকে। তাদের সিইও জোনাথন রুবিনের মতে, উচ্চ তাপমাত্রায় লিনোলিক অ্যাসিডযুক্ত তেল গরম করলে অ্যালডিহাইড নামক উপজাত তৈরি হয়, যা শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন সৃষ্টি করতে পারে। তবে খাদ্য বিজ্ঞানী অ্যাবে থিল এই মতের বিরোধিতা করে জানান যে, যেকোনো ধরনের তেল গরম করলে উপজাত তৈরি হয়, কিন্তু বীজতৈলের ক্ষেত্রে তা শরীরের ক্ষতি করার মতো পরিমাণে তৈরি হয় না। অনেক গবেষণায় তেলের তাপমাত্রা রান্নার স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি রাখা হয়, যা বাস্তব জীবনের সাথে মেলে না।

গবেষণার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, লিনোলিক অ্যাসিড এবং প্রদাহের মধ্যে কোনো সরাসরি সম্পর্ক নেই। ২০১২ সালে 'জার্নাল অফ দ্য একাডেমি অফ নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিকস'-এ প্রকাশিত ১৫টি নিয়ন্ত্রিত পরীক্ষার পর্যালোচনায় দেখা গেছে, স্বাস্থ্যবান মানুষের ডায়েটে লিনোলিক অ্যাসিড যোগ করলে প্রদাহের কোনো লক্ষণ বাড়ে না। এছাড়া টাফটস ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালিস লিকটেনস্টাইন মনে করেন, 'বীজতৈল' শব্দটি বিভ্রান্তিকর, কারণ সয়াবিন ও চিনাবাদাম তেল আসলে লেগুম বা শিম জাতীয় উদ্ভিদ থেকে আসে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ক্রিস্টোফার গার্ডনার জানান, কোনো তেল বীজ থেকে তৈরি হলেই তার গুণমান খারাপ হয় না। অনেকেই মনে করেন ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড প্রদাহ সৃষ্টি করে, কিন্তু গার্ডনারের মতে, ওমেগা-৩ প্রদাহ-বিরোধী হওয়ায় ওমেগা-৬-কে ভুলভাবে প্রদাহ-সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের ২০১৭ সালের একটি নির্দেশিকায় বলা হয়েছে, স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বির পরিবর্তে পলিআনস্যাচুরেটেড ভেজিটেবল অয়েল (যা বীজতৈলের প্রধান উপাদান) ব্যবহার করলে এলডিএল কোলেস্টেরল কমে এবং হৃদরোগের ঝুঁকি প্রায় ৩০ শতাংশ হ্রাস পায়। অথচ মাখন বা গরুর চর্বিতে সম্পৃক্ত চর্বির পরিমাণ অনেক বেশি। বিজ্ঞানীদের মতে, বিজ্ঞানের চেয়ে রাজনীতি ও সোশ্যাল মিডিয়ার প্রভাব এখানে বেশি কাজ করেছে। ২০২৪ সালের অক্টোবরে রবার্ট এফ কেনেডি জুনিয়র দাবি করেছিলেন যে, বীজতৈল আমেরিকানদের 'অজান্তে বিষাক্ত' করছে, যা পুষ্টিবিশেষজ্ঞদের মতে সম্পূর্ণ ভিত্তিহীন। বিজ্ঞানীদের প্রধান উদ্বেগ হলো, মানুষ বিজ্ঞানভিত্তিক প্রমাণের চেয়ে ভয়ের বশবর্তী হয়ে খাদ্যাভ্যাস পরিবর্তন করছে এবং বৈচিত্র্যময় খাদ্যের পরিবর্তে সস্তা প্যাকেটজাত খাবারের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।