জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপির এক স্থানীয় নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে উপজেলা বিএনপি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বহিষ্কৃত নেতা হলেন মিজানুর রহমান, যিনি রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহ্ম্মেদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় কাজে জড়ালে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিজানুর রহমানের বিরুদ্ধে অন্যের বাড়ি দখল এবং সংগঠনের স্বার্থবিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এর আগে ২১ জুলাই তাকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে সেই সময়সীমা পার হলেও তিনি বাড়িটি ছাড়েননি। দলের ভাবমূর্তি রক্ষার্থে তাকে বিএনপির সব পদ ও সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, রায়কালী গ্রামে প্রায় চার শতাংশ জমির ওপর বেলাল হোসেনের দোতলা পাকা বাড়িটি নির্মিত। কয়েক বছর আগে তিনি বাড়িটি অগ্রণী ব্যাংকের জিয়ানগর শাখায় বন্ধক রেখে ১২ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বেলাল হোসেন বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান এবং পরে তার স্ত্রীও সেখান থেকে চলে যান। এই সুযোগে মিজানুর রহমান বাড়িটি দখলে নেন বলে অভিযোগ।

তবে বাড়ি দখলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মিজানুর রহমান। তার দাবি, যে জমির ওপর বাড়িটি নির্মিত, সেটি তাদের পৈতৃক সম্পত্তি। তিনি বলেন, বেলাল হোসেন তাদের জমি দখল করে সেখানে বাড়ি নির্মাণ করেছিলেন। এখন তারা নিজেদের জায়গাটি ফেরত নিয়েছেন।

এ ঘটনায় বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, অভিযোগটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসআই বজলুর রহমান বলেন, তিনি এলাকায় গিয়ে মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছেন। মিজানুর রহমান সেখানে বাড়িটির জায়গা তার দাদার বলে দাবি করেছেন। তবে বিষয়টি নিয়ে থানায় আলোচনার কথা থাকলেও তিনি এখনো থানায় আসেননি বলে জানান এসআই।