বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির আওতায় মোট ১৭ জন ইন্টার্ন নিয়োগ দেওয়া হবে। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আগ্রহী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদনের শেষ সময় নির্ধারিত হয়েছে ২৮ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

আবেদনের ক্ষেত্রে প্রার্থীর অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বলা হয়েছে, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, গণিত, ফলিত পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে যারা পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন (অপেক্ষা করছেন), তারাও আবেদনের সুযোগ পাবেন; সেক্ষেত্রে তাদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

যোগ্যতার অন্যতম শর্ত হিসেবে প্রার্থীর সর্বশেষ পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.২৫ থাকতে হবে। এছাড়া স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনের সর্বোচ্চ দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। নির্বাচিত ইন্টার্নরা তিন মাস মেয়াদে কাজ করবেন এবং এই সময়ে তারা প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।

আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনের জন্য rms.egcb.com.bd ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য বিদ্যুৎ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট powerdivision.gov.bd-এর নোটিশ সেকশনে ভিজিট করার নির্দেশনা দেওয়া হয়েছে।