যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একজন ফেডারেল বিচারক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের (৭.৫ বিলিয়ন পাউন্ড) মানহানি মামলাটি সামনে এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই মামলাটি খারিজ করার আবেদন জানালেও বিচারক জেফরি কুন্টজ তা গ্রহণ করেননি। তবে একই মামলার সাথে যুক্ত ফ্লোরিডার 'আনফেয়ার ট্রেড প্র্যাকটিসেস' বা অন্যায্য বাণিজ্য চর্চা আইনের অধীনে করা দ্বিতীয় দাবিটি বিচারক খারিজ করে দিয়েছেন। আদালতের মতে, ওই ডকুমেন্টারিটি বাণিজ্যিক বক্তব্যের আওতায় পড়ে না, তাই এই অংশটি গ্রহণযোগ্য নয়।

ঘটনার সূত্রপাত ২০২১ সালে মার্কিন ক্যাপিটল দাঙ্গার আগে দেওয়া ট্রাম্পের একটি ভাষণকে কেন্দ্র করে। বিবিসির 'প্যানোরামা' অনুষ্ঠানের একটি পর্বে ট্রাম্পের ভাষণের দুটি ভিন্ন অংশকে একত্রে সম্পাদনা করে দেখানো হয়েছিল। ট্রাম্পের অভিযোগ, বিবিসি ইচ্ছাকৃতভাবে এবং প্রতারণামূলকভাবে তার বক্তব্যকে বিকৃত করেছে। অন্যদিকে, বিবিসি স্বীকার করেছে যে ওই সম্প্রচারের ফলে ট্রাম্প সরাসরি সহিংসতাকে উসকে দিয়েছেন—এমন একটি ভুল ধারণা তৈরি হয়েছিল এবং তারা এর জন্য ক্ষমা চেয়েছে।

মঙ্গলবার আদালতের এই রায়ের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ একে একটি 'বিশাল জয়' হিসেবে অভিহিত করেছেন। বিপরীতে, বিবিসির একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তে বিস্মিত হলেও আদালতের সিদ্ধান্তকে সম্মান করেন। তারা আত্মবিশ্বাসী যে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তারা নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারবেন এবং মামলার পরবর্তী ধাপগুলোতে যথাযথ সাড়া দেবেন।

বিচারক কুন্টজ তার আদেশে উল্লেখ করেছেন যে, মানহানির অভিযোগগুলো মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তবে তিনি এখনই মামলার গুণাগুণ বা ট্রাম্পের দাবি প্রমাণিত কি না সে বিষয়ে কোনো চূড়ান্ত রায় দেননি। ট্রাম্প সত্যিই ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না এবং প্রমাণ উপস্থাপন করতে পারেন কি না, তা পরবর্তী শুনানি বা ট্রায়ালের সময় নির্ধারিত হবে।

এর আগে বিবিসি যুক্তি দিয়েছিল যে, ওই অনুষ্ঠানটি মানহানির আইনি মানদণ্ড পূরণ করে না এবং এটি যুক্তরাষ্ট্রে সম্প্রচারিত হয়নি। এমনকি ট্রাম্পের আইনজীবীরাও স্বীকার করেছেন যে, বিবিসির ওয়েবসাইট, বিবিসি সিলেক্ট বা তাদের সাবস্ক্রিপশন সার্ভিস 'ব্রিটবক্স'-এর মাধ্যমে ওই ডকুমেন্টারিটি যুক্তরাষ্ট্রে উপলব্ধ ছিল এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। এছাড়া বিবিসির বাণিজ্যিক শাখা 'বিবিসি স্টুডিওস' এই ডকুমেন্টারি তৈরিতে কোনো ভূমিকা রাখেনি বলে প্রমাণিত হওয়ায় তাদের নাম মামলা থেকে সরিয়ে নিতে ট্রাম্প রাজি হন।

উল্লেখ্য, গত মাসে ট্রাম্প একটি সাক্ষ্যদান স্থগিত করেছিলেন, যার কারণ হিসেবে তিনি 'জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়' উল্লেখ করেন। তবে বিবিসির আইনজীবীরা আদালতে দাবি করেন, ট্রাম্প অক্টোবর মাসে জর্জিয়ায় নির্বাচনী প্রচারণাকে আইনি প্রক্রিয়ার চেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন। এরই প্রেক্ষিতে আদালত ট্রাম্পকে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে শপথ নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে।