রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)-এ নেওয়া হয়। বুধবার রয়টার্স এক কর্মকর্তার সূত্রে জানিয়েছে, তার চোখের পরীক্ষা এবং রক্তচাপের কিছু সমস্যা থাকায় প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। চিকিৎসা সম্পন্ন হওয়ার পর তাকে পুনরায় তার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়।

৭৪ বছর বয়সী এই নেতার স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার আইনজীবীরা। তাদের দাবি, ইমরান খান তার ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই হারিয়ে ফেলেছেন। উল্লেখ্য, গত আগস্ট মাসে একবার তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও নিরাপত্তা সংক্রান্ত জটিলতার কারণে মাঝপথেই সেই সফর বাতিল করে কারাগারে ফেরত আনা হয়েছিল। সেই ঘটনার পর এই প্রথম তিনি হাসপাতালে চিকিৎসা পান।

২০২২ সালে পার্লামেন্টের অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া এই সাবেক তারকা ক্রিকেটার বর্তমানে তিন বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি। তার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ আনা হলেও তিনি সবকটি অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, এই মামলাগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যদিও পাকিস্তান সরকার এই অভিযোগ নাকচ করে দিয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে থাকা অধিকাংশ মামলার সাজা স্থগিত বা বাতিল করা হয়েছে এবং সেগুলোর আপিল প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে, একটি আদালত তাকে তার স্ত্রী ও আইনি দলের সাথে দেখা করার অনুমতি দিয়েছে। পাশাপাশি, পিটিআইয়ের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশিকে মঙ্গলবার রাওয়ালপিন্ডির কারাগার থেকে লাহোরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।