বিতর্কিত প্রামাণ্যচিত্র 'মাস্ক'-এর প্রচারণামূলক অ্যাকাউন্টটি ভুলবশত নিষিদ্ধ করা হয়েছিল বলে স্বীকার করেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক। যুক্তরাষ্ট্রে বড় পরিসরে মুক্তি পাওয়ার ঠিক আগ মুহূর্তে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে পরবর্তীতে টিকটক ইউএস-এর একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, এই পদক্ষেপটি ভুলবশত নেওয়া হয়েছিল এবং অ্যাকাউন্টটি এখন পুনরায় চালু করা হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে যে, 'ব্লিকার স্ট্রিট'-এর এই অ্যাড অ্যাকাউন্টটিকে এখন থেকে টিকটকের নিজস্ব নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে।

বিনোদন সংবাদমাধ্যম 'হলিউড রিপোর্টার'-এর প্রতিবেদনে বিষয়টি প্রথম সামনে আসে। প্রাথমিকভাবে টিকটক দাবি করেছিল, ওই অ্যাকাউন্ট থেকে বারবার নীতিমালা লঙ্ঘন করে 'রাজনৈতিক কনটেন্ট' পোস্ট করা হচ্ছিল, যার কারণেই এটি নিষিদ্ধ করা হয়। তবে পরে তারা নিজেদের ভুল স্বীকার করে অ্যাকাউন্টটি ফিরিয়ে দেয়।

অ্যালেক্স গিবনির পরিচালনায় এবং ব্লিকার স্ট্রিটের পরিবেশনায় নির্মিত এই চার ঘণ্টার প্রামাণ্যচিত্রটি গত ৯ অক্টোবর নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের চারটি সিনেমা হলে সীমিত পরিসরে মুক্তি পায়। প্রথম সপ্তাহে প্রায় ৭০ হাজার ডলার আয় করার পর ১৬ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের আরও অনেক প্রেক্ষাগৃহে এর প্রদর্শনী বাড়ানো হয়। ঠিক এই সময়েই টিকটকের পক্ষ থেকে প্রচার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করা হয়, যার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছিল ব্লিকার স্ট্রিট।

কেবল টিকটকেই নয়, মেটা এবং ইউটিউবের মতো অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সঙ্গেও এই প্রামাণ্যচিত্রের প্রচার নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই দুটি প্ল্যাটফর্মই ট্রেলার ও অন্যান্য প্রচারণার অনুমতি দেয়। মেটার একজন মুখপাত্র এই সাময়িক নিষেধাজ্ঞাটিকে 'ভুল' হিসেবে অভিহিত করেছেন এবং ইউটিউব তাদের বিবৃতিতে জানিয়েছে যে প্রামাণ্যচিত্রটিকে প্রচারের ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে, ইলন মাস্কের নিজস্ব প্ল্যাটফর্ম 'এক্স' শুরু থেকেই এই প্রামাণ্যচিত্রের ট্রেলার প্রচারে অস্বীকৃতি জানিয়েছিল বলে জানা গেছে।