ভারতজুড়ে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার আড়ালে ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের পরিকল্পিতভাবে নিশানা করার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (USCIRF)। গত বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে কমিশন দাবি করেছে, এই প্রক্রিয়ার মাধ্যমে কোটি কোটি নাগরিকের নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইউএসসিআইআরএফ-এর চেয়ারম্যান আসিফ মাহমুদ জানান, ভারত সরকার মুসলিম নাগরিকদের তালিকা থেকে বাদ দিয়ে তাঁদের 'বিদেশি' হিসেবে চিহ্নিত করছে এবং পরবর্তীতে তাঁদের অবৈধভাবে দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে।
তথ্য অনুযায়ী, ভারতের ইতিহাসে এই প্রথম ভোটার তালিকা সংশোধনের নামে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যা মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান। কমিশনের দাবি, এই বিশাল সংখ্যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম বাদ পড়ার হার তুলনামূলকভাবে অনেক বেশি। মানবাধিকার সংস্থাগুলোর মতে, ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমরা ক্রমবর্ধমান বৈষম্য এবং বর্জনমূলক নীতির শিকার হচ্ছেন। অন্যদিকে, ভারতের নির্বাচন কমিশনের পাল্টা দাবি হলো, মৃত ব্যক্তি, অযোগ্য ভোটার, স্থানান্তরিত ব্যক্তি এবং একই ব্যক্তির একাধিক নামের মতো কারিগরি ত্রুটি দূর করতেই এই সংশোধন করা হয়েছে। ভুলবশত নাম বাদ পড়লে আপিল করার সুযোগের কথা বলেছে তারা।
ইউএসসিআইআরএফ-এর সদস্য জিন মিলস এই পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। তিনি মনে করেন, নাগরিক হওয়া সত্ত্বেও কেবল ধর্মের কারণে মুসলিমদের দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে। এই কারণে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ভারতকে 'বিশেষ উদ্বেগের দেশ' হিসেবে ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, ইউএসসিআইআরএফ মার্কিন সরকারের একটি দ্বিদলীয় সংস্থা যা বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সুপারিশ প্রদান করে, তবে এসব সুপারিশ মানা বাধ্যতামূলক নয়।
নয়াদিল্লি বরাবরই ইউএসসিআইআরএফ-এর এই ধরনের সমালোচনা প্রত্যাখ্যান করে এসেছে এবং সংস্থাটিকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছে। ভারত সরকারের দাবি, এই মন্তব্যগুলো দেশটির অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ। একইসাথে ভারত সরকার বৈষম্যের অভিযোগ অস্বীকার করে বলেছে যে, খাদ্য ভর্তুকি ও বিদ্যুতায়নের মতো সরকারি প্রকল্পের সুফল সব ধর্মের মানুষই সমানভাবে পাচ্ছেন। তবে জাতিসংঘ ভারতের নাগরিকত্ব আইনকে 'মৌলিকভাবে বৈষম্যমূলক' বলে অভিহিত করেছে এবং ধর্মান্তরবিরোধী আইনকে ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে মনে করছে।
সাম্প্রতিক সময়ে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ভারতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিরোধী দল ও শিক্ষার্থীদের অভিযোগ, যারা বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম, তাদেরই এই প্রক্রিয়ায় বেশি লক্ষ্য করা হচ্ছে। মানবাধিকার বিশেষজ্ঞরা বিক্ষোভ দমনে সরকারের কঠোর পদক্ষেপের সমালোচনা করেছেন। যদিও গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে ভারতের 'অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়' হিসেবে উল্লেখ করে মন্তব্য করা থেকে বিরত থাকেন। এছাড়া জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার অভিযোগ রয়েছে যে, মোদি সরকারের আমলে ঘৃণামূলক বক্তব্য, মুসলিমদের স্থাপনা ভেঙে ফেলা এবং কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের মতো পদক্ষেপের মাধ্যমে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রেও সাম্প্রতিক বছরগুলোতে ইসলামবিদ্বেষ বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করেছেন নাগরিক অধিকারকর্মীরা।




