দীর্ঘদিন ধরে ভারতীয় তরুণদের কাছে অত্যন্ত আকর্ষণীয় পেশা হিসেবে বিবেচিত সামরিক বাহিনীতে নিয়োগ প্রক্রিয়ার আমূল পরিবর্তন এনেছে ভারত সরকার। ২০২২ সালে চালু হওয়া 'অগ্নিপথ' প্রকল্পের মাধ্যমে সশস্ত্র বাহিনীতে নিয়োগপ্রাপ্তদের চাকরির মেয়াদ মাত্র চার বছর নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে মাত্র ২৫ শতাংশ সদস্য স্থায়ী হওয়ার সুযোগ পান। বাকি সদস্যদের এককালীন অর্থ দিয়ে অব্যাহতি দেওয়া হয়, তবে তাঁরা দীর্ঘমেয়াদি পেনশন বা অন্যান্য সুযোগ-সুবিধা পান না। সম্প্রতি এই প্রকল্পের প্রথম ব্যাচের মেয়াদ শেষ হয়ে আসার মুখে সরকার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
গত ৪ নভেম্বর ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রামানি জানান, যারা স্থায়ী হতে পারেননি, সেইসব সদস্যদের চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হবে। এই অতিরিক্ত সময়ে তাঁরা বর্তমানের চেয়ে অধিক বেতন পাবেন এবং নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে পুনরায় বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নিয়মিত বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে এই প্রকল্পের সদস্যগণ শারীরিকভাবে সক্ষম এবং প্রযুক্তির সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে পারছেন, যা নিয়োগ প্রক্রিয়াকে আরও নিয়মতান্ত্রিক করেছে।
তবে এই সিদ্ধান্ত নিয়ে সামরিক বিশেষজ্ঞ এবং রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল যশ মোর-এর মতে, একজন সেনাসদস্যকে পুরোপুরি দক্ষ ও অভিজ্ঞ করে তুলতে অন্তত ৮ থেকে ৯ বছর সময় প্রয়োজন। চার বছরের সংক্ষিপ্ত মেয়াদ বাহিনীর মূল চালিকাশক্তি—মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ এবং লড়াইয়ের মানসিকতা গড়ে তোলার জন্য অপর্যাপ্ত। এছাড়া, স্থায়ী সদস্য এবং চুক্তিবদ্ধ 'অগ্নিবীরদের' মধ্যে বেতন ও সুযোগ-সুবিধার এই বৈষম্য একই ইউনিটে কর্মরত সেনাদের পারস্পরিক সংহতি ও দলগত ঐক্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরকারের মূল লক্ষ্য ছিল বেতন ও পেনশনের খরচ কমিয়ে সামরিক বাহিনীর আধুনিকায়নে বিনিয়োগ করা এবং সদস্যদের গড় বয়স কমিয়ে একটি তরুণ বাহিনী গড়ে তোলা। কিন্তু সমালোচকদের দাবি, ব্যয় কমানোর জন্য সামরিক কার্যকারিতা বিসর্জন দেওয়া উচিত নয়। বিশেষ করে চীন ও পাকিস্তানের সাথে সীমান্ত উত্তজনা চলাকালীন অভিজ্ঞ জনবলের প্রয়োজনীয়তা অপরিসীম। উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীতে বর্তমানে প্রায় ১ লাখ ৮০ হাজার সদস্যের ঘাটতি রয়েছে, যা এই সংস্কারের অন্যতম কারণ হতে পারে।
প্রকল্পটি চালুর পর উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং উত্তর প্রদেশের মতো রাজ্যগুলোতে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছিল, কারণ ওই অঞ্চলগুলোতে সামরিক চাকরি একটি পারিবারিক ঐতিহ্যের মতো। বর্তমানে পাঞ্জাব, উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডের আসন্ন নির্বাচনের প্রাক্কালে এই পরিবর্তনের ঘোষণা রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তটি প্রথম ব্যাচের ১৮ হাজার ৩০০ জনসহ বর্তমানে কর্মরত ৩ লাখের বেশি অগ্নিবীরের জন্য স্বস্তির খবর, তবুও স্থায়ী চাকরির অনিশ্চয়তা এবং ভবিষ্যতের অস্পষ্টতা তাদের মধ্যে পুরোপুরি আস্থা ফেরাতে পারেনি।




