ব্যক্তিগত উড়োজাহাজের বকেয়া কর পরিশোধের আওতায় পড়েছেন বিশ্বের শীর্ষ ধনী ও প্রভাবশালী ব্যক্তিত্বরা। সম্প্রতি লস অ্যাঞ্জেলেস কাউন্টির ট্যাক্স অ্যাসেসরের পক্ষ থেকে এক ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে যে, বিভিন্ন সেলিব্রিটি, সংগীতশিল্পী এবং ক্রীড়া দলের মালিকদের মালিকানাধীন ব্যক্তিগত বিমানের বিপরীতে মোট ৩৮ মিলিয়ন ডলার কর ধার্য করা হয়েছে।
এই তালিকায় অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং বিশ্বখ্যাত সংগীতশিল্পী রিহানার নাম বিশেষভাবে সামনে এসেছে। কর কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, এই বিপুল অঙ্কের কর বকেয়া রয়েছে তাদের ব্যক্তিগত এয়ারক্রাফট বা প্রাইভেট জেটের বিপরীতে। সাধারণত উচ্চবিত্তদের বিলাসবহুল জীবনযাত্রার অংশ হিসেবে ব্যবহৃত এই ব্যক্তিগত উড়োজাহাজগুলোর ওপর নির্দিষ্ট কর আরোপ করা হয়, যা যথাযথ সময়ে পরিশোধ না করায় এখন এই বড় অংকের দাবি উত্থাপিত হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কর কর্তৃপক্ষ এই বকেয়া আদায়ের প্রক্রিয়া শুরু করেছে।




